লামা প্রতিনিধি »
লামায় পানিতে ডুবে মো. রিয়াজ নামে দেড় বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ৯টায় লামা হাসপাতাল পাড়া সংলগ্ন ডলুঝিরি নামক স্থানে পুকুরের পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়। আধাঘন্টা খোঁজাখুঁজির পরে পুকুরের পানিতে শিশুর মৃতদেহ ভেসে উঠলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে লামা হাসপাতালে নিয়ে আসে।
হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করে বলেন, প্রায় ১ ঘন্টা পূর্বে শিশুটির মৃত্যু হয়েছে। পানিতে ডুবে যাওয়ার কারণে শিশুটি মারা গেছে। শিশুটি লামা পৌরসভার ৩নং ওয়ার্ড হাসপাতাল পাড়া এলাকার শাহ আলমের ছেলে।
শিশুটির পিতা শাহ আলম বলেন, ডলুঝিরিতে আমাদের খামার বাড়ি। আমার স্ত্রী কাজকর্ম করছিল। কখন যে চোখের অগোচরে ছেলেটি পুকুরে পড়ে গেছে তা আমার স্ত্রী খেয়াল করেনি। বছর খানেক আগে থানছি উপজেলায় জমি চাষ করতে গিয়ে আমার আরেক ছেলে নদীতে ডুবে মারা যায়। শোকে আমার স্ত্রী পাথর হয়ে গেছে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন, লামা থানা পুলিশের উপ-পরিদর্শক মো. আশরাফ। তিনি বলেন, শিশুটির লাশের প্রাথমিক সুরহাতাল করা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিশুটির বাবা-মায়ের মতামত নিয়ে এবং কারো কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য বলেছেন থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা।
বাংলাধারা/এফএস/এমআর












