৩১ মার্চ ২০২৬

সীতাকুন্ডের শীতলপুরে সিলিন্ডার বিস্ফোরণ, আহত ৩

বাংলাধারা প্রতিবেদন »

সীতাকুণ্ডের শীতলপুরে ভলকানাইজিংয়ের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে তিনজন আহত হয়েছে। তার মধ্যে মাহফুজুর রহমান (৩০) নামে একজন গুরুতর আহত হয়েছেন। এছাড়া কাইয়ুম ও মিন্টু নামে দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সোমবার (১৯ আগষ্ট) দুপুর একটার দিকে সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর এলাকায় মহাসড়কের পাশে একটি ভলকানাইজিংয়ের দোকানে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। উক্ত ঘটনায় গুরুত্বর আহত দোকানের মালিক মাহফুজুর রহমানকে স্থানীয়রা উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করে।

স্থানীয়রা জানান, আজ ১টার দিকে মাহফুজুর রহমান তার দোকানে ভলকানাইজিংয়ের সিলিন্ডারে হাওয়া ভরছিলেন। এমন সময় বিকট শব্দে সিলিন্ডারটি বিস্ফোরিত হয়ে প্রায় ৭০ ফুট উপরে উঠে গিয়ে বিদ্যুতের ১১ হাজার ভোল্টের তারের উপর পড়ে, সেখান থেকে সিলিন্ডারটি রাস্তার পাশে দাড়িঁয়ে থাকা একটি লরীর উপরে পড়লে লরির সামনের অংশ দুমড়ে মুছড়ে যায়।

জানা যায়, ভলকানাইজিংয়ের সিলিন্ডারে অতিরিক্ত হাওয়া ভরার কারণে এটি বিস্ফোরিত হয়। প্রচন্ড বিকট শব্দে সিলিন্ডারটি বিস্ফোরিত হলে পুরো এলাকা কম্পিত হয়। এসময় স্থানীয় জনসাধারণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মিজান নামের এক দোকানদার বলেন, সিলিন্ডারটি এতো প্রচন্ড শব্দে বিস্ফোরিত হয়েছে যে, আল্লাহর রহমতে তেমন হতাহতের ঘটনা ঘটেনি। ওসময়ে দোকানের আশে পাশে কেউ না থাকাতে বড় ধরণের বিপদ থেকে রক্ষা পেয়েছে।

খবর পেয়ে সীতাকুণ্ড মডেল থানার (পরিদর্শক) সুমন বনিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এদিকে ঘটনাস্থল থেকে বার আউলিয়া হাইওয়ে থানার পুলিশ ক্ষতিগ্রস্ত লরী ও বিস্ফোরিত সিলিন্ডারটির অংশ বিশেষ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম

আরও পড়ুন