রাঙামাটি প্রতিনিধি »
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সেনাটহলে ফের হামলার ঘটনা ঘটেছে। এসময় সেনা সদস্যদের পাল্টা গুলিতে সুমন চাকমা এক শীর্ষ সন্ত্রাসী নিহত হয়েছে।
শুক্রবার সকাল ১০টার দিকে বাঘাইছড়ির সাজেক থানাধীন সীমানাছড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সুমন চাকমা ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর সশস্ত্র গ্রুপের সদস্য এবং দেড় বছর আগে সন্ত্রাসী হামলায় নিহত রাঙামাটির নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমা হত্যা মামলার আসামি বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ছুফিউল্লাহ জানান, শুক্রবার সকাল ১০টার দিকে সীমানাছড়া এলাকার উজোবাজারে দুই দল সশস্ত্র সন্ত্রাসীর মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনার খবর পেয়ে সেনাবাহিনীর একটি টহলদল ওই এলাকায় যায়।
এসময় সন্ত্রাসীরা সেনাবাহিনীর গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করে। একটি গুলিতে গাড়ির কাঁচ এবং আরেকটি গুলিতে গাড়ির বডি ক্ষতিগ্রস্ত হয়। এসময় সেনাসদস্যরাও পাল্টা গুলি ছুড়লে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
পরে সেখানে সুমন চাকমা ওরফে কসাই সুমন নামে এক সন্ত্রাসীর মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় বলে জানান তিনি।
যোগাযোগ করা হলে ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা বলেন, নিহত সুমন আমাদের সাবেক কর্মী।
এর আগে গত ১৮ আগস্ট রাঙামাটির আরেক উপজেলা রাজস্থলীর গাইন্দ্যা ইউনিয়নের পোয়াইথুপাড়া এলাকায় সেনাটহলে সশস্ত্র হামলায় এক সেনাসদস্য নিহত হন। আহত হন আরও দুজন।
বাংলাধারা/এফএস/এমআর












