লামা প্রতিনিধি »
লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের চাম্বি হেডম্যান পাড়ায় সৎ বোনের স্বামীর যৌন নির্যাতনের শিকার হয়ে শালী বিষপানে আত্মহত্যা করেছে।
বিষপানের ১দিন পরে ২৯ আগস্ট বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত খিংখিংওয়াং মার্মা আজিজনগর চাম্বি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী ছিল। সে ১নং গজালিয়া ইউনিয়নের কোলাইক্কা পাড়ায় ইতিউং মার্মার মেয়ে।
জানা যায়, গত ২৮ আগষ্ট বুধবার রাত ৮টায় চাম্বি হেডম্যান পাড়ায় বসবাসকারী নিওজিং মার্মা (৩২) পিতা -মৃত খুইহ্লা মং মার্মার বাড়িতে লেখাপড়া করার সুবাদে সৎ বোন মা চং মার্মার বাড়িতে থাক খিংখিংওয়াং মার্মা (১৪)।
নিহতের পিতা ইতিউং মার্মা জানান, সংসারের আর্থিক অবস্থা অস্বচ্ছল ও যাতায়াতের অসুবিধা বলে সৎ বোনের বাড়িতে থেকে লেখাপড়া করত সে। সৎ বোন বাড়িতে না থাকলে প্রায়ই তাকে যৌন নির্যাতন করত দুলাভাই নিওজিং মার্মা। ঘটনার দিন রাত ৮টার দিকে বড় বোন বাসায় না থাকায় খিংখিংওয়াং কে কু-প্রস্তাব দিলে সে রেগে দুলাভাইকে বকাঝকা করে। দুলাভাই তাকে লাঠি দিয়ে আঘাত করে শরীরে। ফলে ঐ রাতেই খিংখিং ঘরে থাকা (কীটনাশক) খেয়ে আত্নহত্যার চেষ্টা করে।
তাকে পার্শ্ববর্তী লোহাগাড়ার মা- মনি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে রেফার করে। সেখানে চিকিৎসারত অবস্থায় ২৯ আগষ্ট বৃহস্পতিবার দিবাগত রাতে সাড়ে ১০ টায় সে মারা যায়।
কোলাইক্কা পাড়ার কারবারী অংমং মার্মা বলেন, চট্টগ্রাম পাঁচলাইশ থানা পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরী করে এবং চমেক হাসপাতালে ময়নাতদন্ত শেষে সৎকারের জন্য পরিবারের কাছে লাশ হস্তান্তর করে। শুক্রবার মৃতের বাড়ি গজালিয়ার কোলাইক্কা পাড়ায় লাশের অন্ত্যস্টিক্রিয়া সম্পন্ন হয়। বিষয়টি আমরা লামা থানা পুলিশকে অবগত করেছি।
লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাধারা/এফএস/এমআর












