বাংলাধারা ডেস্ক »
সম্প্রতি বিতর্কিত কর্মকাণ্ডের কারণে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি-সেক্রেটারী শোভন-রব্বানীকে অপসারণ করা হলে গোটা দেশজুড়ে বিষয়টি ব্যাপক আলোচনার ঝড় তোলে।
এদিকে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতির বিরুদ্ধেও নানা বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগের রেশ কাটতে না কাটতেই এবার একই কমিটির সহ-সভাপতি আরিফুল ইসলামকে চাঁদাবাজির অভিযোগে পুলিশ গ্রেপ্তার করায় মহানগরজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
গত শনিবার রাতে রাজধানীর মিরপুর মডেল থানাধীন লাভ রোড থেকে তাকে মিরপুর মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করলে ঘটনাটি টক অফ দ্যা টাউনে পরিনত হয়েছে।
জানা গেছে, প্রজাপতি পরিবহন নামে একটি বাস কোম্পানির কাছে মাসে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেছিলেন এ ছাত্রলীগ নেতা। চাঁদা না দেওয়ায় শনিবার রাতে ওই কোম্পানির ৫টি বাসের সব যাত্রী নামিয়ে দিয়ে সেগুলো নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে পরিবহনের কর্মকর্তা-কর্মচারীদের মারধর করে আরিফ ও তার সহযোগী বাহিনী। এ সময় তারা বাসের চালক ও সহকারীদের চাঁদা না দিলে রাস্তায় কোনো বাসের চাকা ঘুরবে না বলে হুমকী দেন ।
শনিবার রাতেই মিরপুর মডেল থানায় প্রজাপতি পরিবহন রোড ইনচার্জ মোঃ তানজিল ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম ছাড়াও অজ্ঞাত ১৫ জনকে আসামী করে মামলা দায়ের করেন। মিরপুর মডেল থানার মামলা নম্বর -৩৯।
তিন দিনের রিমান্ড চেয়ে গতকাল আরিফুল ইসলামকে আদালতে পাঠান মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার এসআই মোঃ শাহ আলম। শুনানি শেষে বিকালে সিএমএম আদালতের হাকিম মঈনুল ইসলাম রিমান্ড নামঞ্জুর করে আরিফকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার এসআই মোঃ শাহ আলম বলেন, জব্দকৃত ৫টি বাস বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। অন্য আসামিরা গা ঢাকা দিয়েছে। তাদের
গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।
বাংলাধারা/এফএস/এমআর/এএ












