বাংলাধারা প্রতিবেদন »
নতুন একটি তেলক্ষেত্র সন্ধানের ঘোষণা দিয়েছে ইরান। তেলক্ষেত্রটিতে ৫৩ বিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল আছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি।
রবিবার (১০ নভেম্বর) ইয়াজদ শহর থেকে রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি এক ঘোষণায় তেলক্ষেত্রটি সন্ধানের বিষয়টি জানান রুহানি। দেশটির বর্তমান রিজার্ভ ১৫০ বিলিয়ন ব্যারেলের এক-তৃতীয়াংশ তেল আছে এই খনিতে।
দক্ষিণাঞ্চলীয় প্রদেশ খুজেস্তানে নতুন এই তেলক্ষেত্রটির সন্ধান পাওয়া যায়। ২৪০০ বর্গকিলোমিটারের এই তেলক্ষত্রটি প্রায় ৮০ মিটার গভীর। প্রদেশটিকে অপরিশোধিত তেলের ভান্ডার বলা হয়ে থাকে।
রুহানি বলেন, ‘আজ হোয়াইট হাউসকে বলছি, যখন আপনারা ইরানের তেল বিক্রির ওপরে নিষেধাজ্ঞা দিয়েছেন তখন দেশের প্রকৌশলী ও কর্মীরা ৫৩ বিলিয়ন ব্যারেল তেল আবিষ্কার করেছে।’
৬৫ বিলিয়ন ব্যারেলের দেশটির সবচেয়ে বড় তেলক্ষেত্রটি আহভাজে । এরপরেই সবচেয়ে বেশি তেল মজুত আছে নতুন এই খনিতে।
উল্লেখ্য, ইরান বিশ্বের চতুর্থতম অপরিশোধিত তেল মজুতকারী ও দ্বিতীয়তম প্রাকৃতিক গ্যাস মজুতকারী দেশ।
বাংলাধারা/এফএস/টিএম/এসএস














