কর্ণফুলী প্রতিনিধি »
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ২০১৯-২০ অর্থ বছরে বাস্তবায়নের নিমিত্তে ‘গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসই করণের লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচ.বি.বি) করণ (২য় পর্যায়) এ কর্ণফুলীতে তিনটি বড় প্রকল্পের কাজ শুরু হচ্ছে।
উপজেলায় মাটির সড়ক-উন্নয়নে ইতোমধ্যে প্রকল্প সমূহের টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে। অচিরেই কাজ সম্পাদনের জন্য নির্বাচিত ঠিকাদারেরা কার্যাদেশ নিয়ে কাজ শুরু করবে।
বিষয়টি নিশ্চিত করেন কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ শামসুল তাবরীজ ও অতিরিক্ত দায়িত্বে থাকা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলাম।
জানা যায়, এইচ.বি.বি প্রকল্প তিনটি হল প্রথমত, বড়উঠান ইউনিয়নের দৌলতপুর ১নং ওয়ার্ড দেয়াং মাদ্রাসা সড়ক হতে সাদেক আলী সড়ক পর্যন্ত (৫০০ মিটার), দৌলতপুর পাঁচ মহল্লা কবরস্থান সড়ক (৫০০ মিটার) থেকে সফিকের বাড়ি পর্যন্ত রাস্তার এইচ.বি.বি করণ।
দ্বিতীয়ত, শিকলবাহা ৬নং ওয়ার্ড হাজী মদন আলী সড়ক আলা উদ্দীনের বাড়ি পর্যন্ত (৫০০ মিটার), ৬নং ওয়ার্ড ফেরাং ফকিরের মসজিদে থেকে ৫নং ওয়ার্ড হাসিম মেম্বার দোকানের জসিম উদ্দীন বাড়ি পর্যন্ত (চরলক্ষ্যা ইউপি) রাস্তা এইচ.বি.বি করণ।
তৃতীয়ত, চরপাথরঘাটার সালা উদ্দীন বকুল সড়ক থেকে সাহাবুদ্দিনের বাড়ি পর্যন্ত (৫০০মিটার) জুলধার ডাংগারচর পিডিবি টাওয়ার হতে দোনার খাল পর্যন্ত রাস্তা এইচ.বি.বি করণ।
তথ্যমতে, সড়ক উন্নয়নে এই তিন প্রকল্পে ৩ হাজার মিটার দৈর্ঘ্যের প্রাক্কলিত মূল্য ধরা হয় ১ কোটি ৬৪ লাখ ৭০ হাজার টাকা।
উপজেলার তরুণ ব্যবসায়ি এ.এম রানা বলেন, ‘কর্ণফুলী-আনোয়ারার অভিভাবক মাননীয় ভূমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এর সার্বিক চেষ্টা আর আন্তরিকতায় ধীরে ধীরে আমাদের কর্ণফুলী এখন মডেল উপজেলায় পরিণত হচ্ছে।’
বাংলাধারা/এফএস/টিএম














