১৪ মার্চ ২০২৬

সৈয়দ আশরাফের মৃত্যুবার্ষিকী আজ

বাংলাধারা ডেস্ক »  

আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৯ সালের ৩ জানুয়ারি থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬৮ বছর বয়সে মারা যান এই প্রবীণ রাজনীতিবিদ।

১৯৫২ সালের পহেলা জানুয়ারি ময়মনসিংহে জন্মগ্রহণ করেন সৈয়দ আশরাফুল ইসলাম। তার পিতা সৈয়দ নজরুল ইসলাম মুক্তিযুদ্ধ চলাকালীন মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন।

সৈয়দ আশরাফ একাত্তরে মুক্তিযুদ্ধে অংশ নেন। দেশ স্বাধীনের পর সৈয়দ আশরাফ ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপর ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

১৯৭৫ সালের ৩ নভেম্বর কারাগারে তার পিতা সৈয়দ নজরুল ইসলামসহ জাতীয় চার নেতার নির্মম হত্যাকাণ্ডের পর  যুক্তরাজ্যে চলে যান সৈয়দ আশরাফ। প্রবাস জীবনে যুক্তরাজ্যে আওয়ামী লীগকে সংগঠিত করেন তিনি।

১৯৯৬ সালে দেশে ফিরে আসেন এবং কিশোরগঞ্জ সদর আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। সে সময়  বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এই রাজনীতিবিদ।

২০০১ সালের পহেলা অক্টোবরে অনুষ্ঠিত অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে পুনরায়  নির্বাচিত হন এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির একজন সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

২০০৮ সালের নির্বাচনেও সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন সৈয়দ আশরাফ। পরে ২০১৫ সালের ১৬ জুলাই তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়।

এদিকে, সৈয়দ আশরাফের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার সকাল ৮টায় বনানী কবরস্থানে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ