বাংলাধারা ডেস্ক »
ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে রকেট হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। হামলায় সেখানে মোতায়েন জনপ্রিয় স্বেচ্ছাসেবী বাহিনী হাশদ আশ-শাবির অন্তত ৬ জন নিহত হয়েছেন।
শুক্রবার (৩ জানুয়ারি) ভোরে বিমানবন্দরে মোতায়েন হাশদ আশ-শাবির দু’টি গাড়ি লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়। অবশ্য কোনও কোনও সূত্র জানিয়েছে, মার্কিন হেলিকপ্টার থেকে রকেটগুলো নিক্ষেপ করা হয়।
ইরাকি কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, হামলায় ইরানের মদদপুষ্ট ইরাকি মিলিশিয়া বাহিনী পপুলার মবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ)’র কমান্ডার আবুদ মাহদি আল মুহান্দিস নিহত হয়েছেন।এছাড়া, ইরানি এলিট বাহিনী কুদসের প্রধান জেনারেল কাসেম সুলায়মানিও নিহত হন।
ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম পার্সটুডে জানায়, অজ্ঞাত অবস্থান থেকে বিমানবন্দর লক্ষ্য করে অন্তত চারটি রকেট নিক্ষেপ করা হয়। এর ফলে সেখান মোতায়েন জনপ্রিয় স্বেচ্ছাসেবী বাহিনী হাশদ আশ-শাবির (পিএমএফ) অন্তত ৬ জওয়ান নিহত হয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক দুই মার্কিন কর্মকর্তা সংবাদ সংস্থা রয়টার্সকে জানান, যুক্তরাষ্ট্রই টার্গেট লক্ষ্য করে ওই বিমান হামলা চালিয়েছে।
এর আগে গত রোববার ইরাক ও সিরিয়ায় ইরানপন্থী স্বেচ্চাসেবী বাহিনীর কয়েকটি ঘাঁটিতে ভয়াবহ বিমান হামলা চালিয়ে অন্তত ৩০ জওয়ানকে হত্যা করে যুক্তরাষ্ট্র।এর প্রতিবাদে ইরানপন্থী আধা সামরিক বাহিনী পপুলার মোবিলাইজেশন ইউনিটের (পিএমইউ) কয়েক হাজার সমর্থক মঙ্গলার বাগদাদের সুরক্ষিত গ্রিন জোনে মার্কিন দূতাবাস ভবনে হামলা চালায়। তারা দূতাবাসের প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে দূতাবাসের অভ্যর্থনা অংশে আগুন ধরিয়ে দেয় এবং সেখানে ব্যাপক ভাঙচুর চালায়। বিক্ষোভকারীরা মার্কিন পতাকাতেও আগুন ধরিয়ে দেয়। তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নানা স্লোগান দেয়।
মার্কিন সেনাদের ইরাক থেকে বহিষ্কার করার দাবি জানায় বিক্ষোভকারীরা।টানা তিনদিন বিক্ষোভ দেখানোর পর বৃহস্পতিবার(২ জানুয়ারি) ইরাকের প্রধানমন্ত্রী আদিল আল-মাহদির আহ্বানে সাড়া দিয়ে মার্কিন দূতাবাসের সামনে থেকে সরে যান তারা।
বাংলাধারা/এফএস/টিএম












