বাংলাধারা প্রতিবেদন »
ঢাকার কুর্মিটোলায় ঢাবি ছাত্রী ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার (৭ জানুয়ারি) বেলা সোয়া ১১টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদমিনার চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষণ বাংলাদেশে মহামারী আকার ধারণ করেছে। আমাদের রাষ্ট্রকাঠামো ধর্ষকের বিচার করতে পারছে না। ফলে ক্রমাগত অবস্থা আরও খারাপ হচ্ছে। গতকালও ঠাকুরগাঁয়ে ছয় বছরের এক শিশুকে ধর্ষণ করা হয়। আমরা অর্থনৈতিক দিক দিয়ে উন্নতি করছি কিন্তু আমাদের মা-বোনেরা স্বাধীনভাবে ঘুরতে পারে না। যেহেতু রাষ্ট্র ধর্ষকের বিচার করতে পারছে না, তাই আমাদের নিজেদেরকে প্রস্তুত করতে সেল্ফ ডিফেন্স কলাকৌশল শিখতে হবে। যাতে নিজেদের প্রাথমিক নিরাপত্তার ব্যবস্থা নিজেরাই করতে পারি।
প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিভাগের শিক্ষার্থী কামরুন্নাহারের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন আধুনিক ভাষা ইনস্টিটিউটের শিক্ষার্থী আফরিন লিমু, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিভাগের শিক্ষার্থী অশ্রু দাশ এবং মুহাম্মদ দিপু। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বাংলাধারা/এফএস/টিএম












