১৪ মার্চ ২০২৬

অতীতের ভুলভ্রান্তি দূর করে এগিয়ে যাবে সরকার: প্রধানমন্ত্রী

বাংলাধারা প্রতিবেদন »  

দুর্নীতিবাজরা যতই শক্তিশালী হউক ব্যবস্থা নিতে দুদকের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । যারা অবৈধভাবে সম্পদ অর্জন করেছেন তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার তাগিদ দেন তিনি।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যায়  জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী আরও বলেন, একটি সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে সরকার পরিচালনা করছেন তিনি। আর সে লক্ষ্য হলো সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তি এবং তাদের জীবনমানের উন্নয়নসহ সবার মৌলিক অধিকার প্রতিষ্ঠা করা। ২০০৯ সাল থেকে একটানা সরকার পরিচালনার দায়িত্বে রয়েছেন জানিয়ে তিনি বলেন, অতীতের ভুলভ্রান্তি দূর করে এগিয়ে যাবে সরকার।

শেখ হাসিনা বলেন, ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপনের অনুষ্ঠানমালা যুগপৎভাবে চলতে থাকবে। এই উদযাপন শুধু আনুষ্ঠানিকতা-সর্বস্ব নয়, এই উদযাপনের লক্ষ্য জাতির জীবনে নতুন জীবনীশক্তি সঞ্চারিত করা।স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর প্রাক্কালে জাতিকে নতুন মন্ত্রে দীক্ষিত করে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ বাস্তবায়নের পথে আরও একধাপ এগিয়ে যাওয়া।

তিনি বলেন, ২০২০ সাল একটি বিশেষ গুরুত্বপূর্ণ বছর। এ বছর উদযাপিত হতে যাচ্ছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। আগামী ১৭ মার্চ বর্ণাঢ্য উদ্বোধনের মধ্য দিয়ে বছরব্যাপী অনুষ্ঠানমালার শুভ সূচনা হবে।  ইতোমধ্যেই ২০২০-২১ সালকে মুজিববর্ষ হিসেবে ঘোষণা করা হয়েছে বলেন সরকার প্রধান।

জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদকের বিরুদ্ধে সরকারের অভিযান অব্যাহত থাকবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ইসলাম ধর্মের অপব্যাখ্যা করে কেউ যেন তরুণদের বিপথে পরিচালিত করতে না পারে, সেজন্য মসজিদের ইমামসহ ধর্মীয় নেতাদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। সারাদেশে ৬৫০টি মসজিদ নির্মাণ করা হচ্ছে। সরকার একটি শান্তিপূর্ণ সমাজ  প্রতিষ্ঠা করতে চায়, যেখানে হিংসা-বিদ্বেষ হানাহানি থাকবে না। সব ধর্ম-বর্ণ ও সম্প্রদায়ের মানুষ শান্তিতে বসবাস করতে পারবেন। সবাই নিজ নিজ ধর্ম যথাযথ মর্যদার সঙ্গে পালন করতে সক্ষম হচ্ছেন বলে দাবি করেন তিনি।

দেশের মানুষের মুখে হাসি ফোঁটানোই তাঁর জীবনের একমাত্র লক্ষ্য জানিয়ে শেখ হাসিনা বলেন, ইতোমধ্যে তাঁর সরকার সব প্রতিশ্রুতি বাস্তবায়নে সব সমর্থ হয়েছে। এছাড়া বাঙালি জাতি পিছিয়ে নেই বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ