খাগড়াছড়ি প্রতিনিধি »
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দকে সাথে নিয়ে শুক্রবার (১০ জানুয়ারি) সকালে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনের স্থাপিত প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোরশেদ খান।
এসময় মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা ও মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।
এরপর পর আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও মহিলা লীগসহ দলটির বিভিন্ন সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
আজকের দিনে স্বাধীনতার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে স্বাধীন দেশে ফিরে আসেন উল্লেখ করে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোরশেদ খান বলেন, বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে বাঙালির বিজয় ছিলো অসম্পূর্ণ। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের মধ্য দিয়ে সেই বিজয় পূর্ণতা পেয়েছে। তাই এই দিনটি বাঙালি জাতির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
তিনি বলেন, আওয়ামী লীগকে আরও সুসংগঠিত আর আদর্শিক দল হিসেবে গড়ে তোলার মধ্য দিয়ে সোনার বাংলা গড়তে একটি সহযোগী ভূমিকা পালনই হবে আজকের দিনের শপথ।
তিনি আরো বলেন আমরা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুজিববর্ষ পালন করতে যাচ্ছি।
বাংলাধারা/এফএস/টিএম/এএ












