বাংলাধারা ডেস্ক »
কন কনে ঠান্ডা আর হিমেল হাওয়া উপেক্ষা করে শনিবার সকাল থেকেই গণসংযোগে নেমে পড়েছেন ঢাকার দুই সিটির মেয়র প্রার্থীরা। নিজ নিজ নির্বাচনী এলাকায় প্রচার প্রচারণা চালাচ্ছেন বিএনপি ও আওয়ামী লীগ প্রার্থীরা। সকালে উত্তরার আজমপুরে নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী প্রচারে নেমেছেন উত্তর সিটিতে বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল। এলাকাবাসীর কাছে নিজের পক্ষে ভোট প্রার্থনা করছেন তিনি।আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম মিরপুরের শাহ আলী মাজারে দোয়া পাঠের মধ্য দিয়ে গণসংযোগ শুরু করেছেন। দিনভর মিরপুরের বিভিন্ন এলাকায় সমর্থকদের সঙ্গে পথসভা করার কথা রয়েছে তার।
আজ নিজ এলাকা ওয়ারীর রোজ গার্ডেন থেকে নির্বাচনী প্রচার শুরু করেন ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। দলীয় নেতাকর্মীদের নিয়ে ভোটারদের কাছে ভোট চাচ্ছেন তিনি। এছাড়া তার প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেন রাজধানীর কমলাপুর এলাকা থেকে দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীকে নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।
এদিকে, ঢাকা দক্ষিণ সিটিতে আওয়ামী লীগ সমর্থিত ৪ কাউন্সিলর প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন, ২৫ নম্বর ওয়ার্ডের মো. আনোয়ার ইকবাল, ৪৩ নম্বর ওয়ার্ডের মো. আরিফ হোসেন। সংরক্ষিত ৬ নম্বর ওয়ার্ডের নারগীস মাহতাব এবং সংরক্ষিত ৮ নম্বর ওয়ার্ডের নিলুফার রহমান।আলাদা বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন রিটার্নিং অফিসার।৩০ জানুয়ারি ভোট শেষে সবার সঙ্গে এই চার প্রার্থীর ফলও গেজেট আকারে প্রকাশ করা হবে।তবে ঢাকা উত্তরে কেউ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হননি।
বাংলাধারা/এফএস/টিএম












