বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে উপ-নির্বাচনে ভোট আগামীকাল সোমবার (১৩ জানুয়ারি)। সকাল ৯টায় শুরু হয়ে ভোটগ্রহণ চলবে বিকাল ৫টা পর্যন্ত। এই আসনে এবারই প্রথম ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হতে যাচ্ছে।
এর আগে পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়ে শনিবার (১১ জানুয়ারি) মধ্য রাতে শেষ হয় নির্বাচনী প্রচারণা।
উপ-নির্বাচনে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদ, বিএনপির মনোনীত প্রার্থী চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) চেয়ারম্যান এস এম আবুল কালাম আজাদ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দিন, ন্যাপের বাপন দাশগুপ্ত ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ এমদাদুল হক।
এদিকে নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার জন্য প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান।
তিনি বলেন, প্রতিটি কেন্দ্রে সেনাবাহিনীর দুইজন করে সদস্য কারিগরী সহযোগিতার জন্য থাকবে। পরিস্থিতি বিবেচনায় নির্বাচনে ৫৮টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। এরমধ্যে ১৮টি অধিক ঝুঁকিপূর্ণ বিবেচনা করা হচ্ছে। এ কেন্দ্রগুলোতে ১৯ ও সাধারণ কেন্দ্রগুলোতে থাকবে ১৮ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত থাকবেন। এ ছাড়া নির্বাচনে পুলিশ, এপিবিএন ও ব্যাটালিয়ন আনসার সদস্যের সমন্বয়ে ১৪টি মোবাইল ফোর্স, ছয়টি স্ট্রাইকিং ফোর্স, র্যাবের ছয়টি টহল দল এবং পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে।’
সব কেন্দ্রেই ইভিএম
চট্টগ্রাম-৮ আসনে ভোটকেন্দ্র রয়েছে ১৭০টি। ১১৯৬টি বুথে ভোট হবে ১২শ’ ইভিএম মেশিনে। এবার এ আসনের সব কেন্দ্রেই ভোট হবে ইভিএমে।
পৌনে ৫ লাখ ভোটার
এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৫ হাজার ৯৮৮ জন। এরমধ্যে বোয়ালখালী উপজেলায় ১ লাখ ৬৪ হাজার ও নগরীর চান্দগাঁও-পাঁচলাইশ এলাকায় রয়েছেন ৩ লাখ ১১ হাজার ৯৮৮ জন ভোটার। পুরুষ ভোটার ২ লাখ ৪১ হাজার ৯২২ ও নারী ভোটার ২ লাখ ৩৪ হাজার ৭৪ জন।
নির্বাচনী এলাকা
চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩, ৪, ৫, ৬ ও ৭ নং ওয়ার্ড এবং বোয়ালখালী উপজেলার শাকপুরা, সারোয়াতলী, কধুরখীল, পশ্চিম গোমদন্ডী, পূর্ব গোমদন্ডী, পোপাদিয়া, চরণদ্বীপ, আমুচিয়া ও আহল্লা করলডেঙ্গা ইউনিয়ন নিয়ে গঠিত চট্টগ্রাম-৮ নির্বাচনী এলাকা।
প্রস্তুত নির্বাচন কমিশন
নির্বাচনকে ঘিরে সব ধরনের প্রস্তুতি নিয়েছে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন অফিস। এই আসনে প্রথমবারের মতো ইভিএমে ভোট হওয়ায় ১১ জানুয়ারি প্রতীকী (মক) ভোটের আয়োজন করা হয়। ভোটগ্রহণ সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ভোটকেন্দ্রগুলোতে পর্যাপ্ত সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য থাকবেন বলেও জানানো হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে।
চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. হাসানুজ্জামান জানান, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে কমিশনের পক্ষ থেকে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, গত ৭ নভেম্বর জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশের সভাপতি মইন উদ্দীন খান বাদলের মৃত্যুতে আসনটি শূন্য হয়।
বাংলাধারা/এফএস/টিএম












