বাংলাধারা ডেস্ক »
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) থাকলে ট্যাক্স ফাইল থাকতে হবে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তিনি বলেন, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) থাকলে ট্যাক্স ফাইল থাকতে হবে। আয় থাকুক আর নাই থাকুক এনআইডি থাকলে সবার ট্যাক্স ফাইল থাকবে। কর দিতে হবে এমন কোনো কথা নেই। আমি চাই, করের হার না বাড়িয়ে করের আওতা বাড়ুক।
রোববার রাজধানীর মালিবাগে বিসিএস (কর) একাডেমি আয়োজিত এক সভায় এসব কথা বলেন তিনি। দুদক কর্মকর্তাদের ‘আয়কর আইন ও বিধানাবলী সংক্রান্ত বিশেষ প্রশিক্ষণ কোর্স’ ও উপকর কমিশনারদের রিফ্রেশার্স প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য (কর ও প্রশাসন) আরিফা শাহনা। এসময় দুদক চেয়ারম্যান বলেন, দেশে ২০ থেকে ২৫ লাখ মানুষ ট্যাক্স রিটার্ন দেয়। এটা জাতীয় লজ্জা।
এর চেয়ে লজ্জার আর কিছু নেই। করযোগ্য আয় না থাকলে কর দেওয়ার দরকার নেই। কিন্তু কর ফাইল কেন থাকবে না। তিনি বলেন, করের বকেয়া অর্থ না দেওয়া এক ধরনের দুর্নীতি। কারণ এটা জনগণের হক। সে হক না দেওয়াটা এক ধরনের আত্মসাত। ইকবাল মাহমুদ বলেন, আমি জানি না, কর কর্মকর্তাদের কেন গ্রেপ্তার করার ক্ষমতা নেই। যদি না থাকে বর্তমান আইন অবশ্যই পরির্তন হওয়া উচিৎ। কর কর্মকর্তাদের সিজ ও গ্রেপ্তার করার ক্ষমতা থাকা উচিৎ।
দুদক চেয়ারম্যান বলেন, ঘুষ চাওয়া এক ধরনের ভিক্ষাবৃত্তি। না চাইলে যেমন ভিক্ষা পাওয়া যায় না, তেমনি না চাইলে ঘুষও পাওয়া যায় না। কেউ কখনো জোড় করে ঘুষ দেয় না। অনুষ্ঠানে দুদক মহাপরিচালক এ কে এম সোহেল, এনবিআর সদস্য মো. আলমগীরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণে এনবিআরের ৩৫ জন ও দুদকের ৩০ কর্মকর্তা অংশ নিচ্ছেন।
বাংলাধারা/এফএস/টিএম












