চবি প্রতিনিধি »
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ডিন নির্বাচনে আওয়ামী-বাম শিক্ষক সমর্থিত হলুদ দল ও হলুদ দলের বিদ্রোহী প্রার্থীরা নিরঙ্কুশ বিজয় লাভ করেছে। আটটি অনুষদের চারটিতে হলুদ দল সমর্থিত প্রার্থী ও চারটিতে হলুদ দলের বিদ্রোহী প্রার্থীরা জয়লাভ করেন। বিএনপি-জামায়াতপন্থী শিক্ষক সমর্থিত সাদা দল ও জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের কোন প্রার্থী জয়লাভ করেনি। সাতটি অনুষদের বিপরীতে হলুদ দল, হলুদ দলের বিদ্রোহী এবং সাদা দলের মোট ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বিকেলে সাড়ে তিনটার ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদ।
প্রধান নির্বাচন কমিশনার কে এম নূর আহমদ বলেন, ‘সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে সাত অনুষদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ-বামপন্থী শিক্ষক সমর্থিত হলুদ দলের চারজন এবং হলুদ দলের বিদ্রোহী চারজন বিজয়ী হয়েছেন। তাছাড়া সমাজবিজ্ঞান অনুষদে আগেই বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হয়েছেন প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান সিদ্দিকী।
এর আগে ১০ ও ১৩ ফেব্রুয়ারি সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত চবি শিক্ষক সমিতির কার্যালয়ে অগ্রিম ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে প্রথমদিন ২৫ জন এবং দ্বিতীয় দিন ২২ জন ভোটার ভোট প্রদান করেন। হলুদ দল থেকে কলা ও মানববিদ্যা অনুষদের ডিন নির্বাচিত হয়েছেন বাংলা বিভাগের অধ্যাপক ড. মহিবুল আজীজ, জীববিজ্ঞান অনুষদের ডিন নির্বাচিত হয়েছেন ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হোসাইন, মেরিন সায়েন্স এন্ড ফিশারিজ বিভাগের অধ্যাপক ড. রাশেস উন নবী।
হলুদ দলের বিদ্রোহী প্রার্থীদের মধ্যে ব্যাবসায় প্রশাসন অনুষদের ডিন নির্বাচিত হয়েছেন মার্কেটিং বিভাগের অধ্যাপক এস.এম. সালামত উল্যা ভূঁইয়া, বিজ্ঞান অনুষদের ডিন নির্বাচিত হয়েছেন পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. নাসিম হাসান, আইন অনুষদের ডিন নির্বাচিত হয়েছেন আইন বিভাগের অধ্যাপক আবুক বশর মোহাম্মদ আবু নোমান, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন নির্বাচিত হয়েছেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. রাশেদ মোস্তফা।
বাংলাধারা/এফএস/টিএম












