বাংলাধারা প্রতিবেদন »
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৯৪তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাইতুল ইজ্জতের বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলে প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিন, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম, বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল ওমর যাহিদ।
বিজিবির ঐতিহ্যবাহী প্রশিক্ষণ প্রতিষ্ঠান বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজের (বিজিটিসিএন্ডসি) বীর উত্তম মাজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে রাষ্ট্রপতি আবদুল হামিদ বেলা ১১টায় কুচকাওয়াজ পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন।
৯৪তম রিক্রুট ব্যাচের মৌলিক প্রশিক্ষণ ২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজে শুরু হয়। এই ব্যাচে প্রশিক্ষণ নেয়া মোট ৫৪৪ জন রিক্রুটের মধ্যে ৪৯৫ জন পুরুষ এবং ৪৯ জন নারী ছিলেন।
বাংলাধারা/এফএস/টিএম/এএ












