১৬ মার্চ ২০২৬

আ.লীগের সমর্থন হারালেন প্রমা, নতুন প্রার্থী পপি

বাংলাধারা প্রতিবেদন »

আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ২৪নং ওয়ার্ডে মনোনিত উত্তর আগ্রাবাদ মহিলা আওয়ামী লীগের সদস্য নুর আকতার প্রমা দলীয় সমর্থন হারিয়েছেন।

নুর আকতার প্রামর বদলে সংরক্ষিত ৯নং ওয়ার্ড (১২, ২৩ ও ২৪ ওয়ার্ড) থেকে দলীয় সমর্থন দেওয়া হয়েছে উত্তর আগ্রাবাদ মহিলা আওয়ামী লীগ সহ-সভাপতি জাহেদা বেগম পপিকে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) জিইসিতে হোটেল পেনিনসুলায় আওয়ামী লীগের মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা কমিটির সঙ্গে কেন্দ্রীয় নেতাদের সমন্বয় বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জানা গেছে, সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে দলীয় সমর্থন প্রাপ্ত অনেককে নিয়ে বির্তক উঠেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মধ্যে। আর তাদের মধ্যে বাদ পড়লেন নুর আকতার প্রমা। গত ১৯ ফেব্রুয়ারি দলীয় সমর্থন পাওয়া নুর আকতার প্রমা নামের একজনকে বাদ দিয়ে প্রয়াত আওয়ামী লীগ নেতা ইসহাক মিয়ার মেয়ে জাহেদা বেগম পপিকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত হয়।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম সিটি নির্বাচনের প্রধান সমন্বয়ক ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সভাপতিত্বে সমন্বয় সভায় উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়শা খান, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম।

সভায় চসিক নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী ছাড়াও মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এমএ সালাম, সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমানসহ সহ-সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদার নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন