১৬ মার্চ ২০২৬

ভারত সফরে ট্রাম্প

বাংলাধারা ডেস্ক »

নির্ধারিত সময়েই ভারতে পৌঁছলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার সকাল ১১.৪০ মিনিটে আমদাবাদ বিমানবন্দরে অবতরণ করে তাঁর বিমান ‘এয়ারফোর্স ওয়ান’। ট্রাম্পকে স্বাগত জানাতে আগেই আমদাবাদ বিমানবন্দরে পৌঁছে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিমান থেকে নেমেই মোদীকে আলিঙ্গন করেন ট্রাম্প। এর পরই সপরিবারে ট্রাম্প রওনা দেন সাবরমতী আশ্রমের উদ্দেশে। সঙ্গে রয়েছে মোদীর কনভয়ও।

ভারতে আসার আগে থেকে একের পর এক টুইট করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর বিমান ‘এয়ার ফোর্স ওয়ান’ আমেরিকা ছাড়তেই ট্রাম্প হিন্দিতে টুইট করেন, আমরা ভারতে আসতে আগ্রহী। এখন মাঝপথে আছি। কিছু ক্ষণের মধ্যেই সকলের সঙ্গে দেখা হবে।  ( হাম ভারত আনে কে লিয়ে তত্পর হ্যায়। হাম রাস্তে মে হ্যায়। কুছ ঘণ্টো মে হাম সবসে মিলেঙ্গে।)” সোমবার সকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমদাবাদে পৌঁছেছেন।

মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানাতে তিনিও মুখিয়ে রয়েছেন। এ দিন সকালেই ট্রাম্পের উদ্দেশে মোদী টুইট করেন, “অধীর আগ্রহে অপেক্ষা করছে ভারত।” তার পরই পাল্টা হিন্দিতে টুইট করে সকলকে চমকে দিয়েছেন ট্রাম্প।

সারবমতী আশ্রমে সপরিবার পৌঁছলেন ট্রাম্প।  ট্রাম্পকে স্বাগত জানাতে রাস্তার দু’পাশে প্রচুর মানুষ জড়ো হয়েছেন। কারও হাতে মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকা। কারও হাতে ভারতের পতাকা। বিমানবন্দর থেকে সাবরমতী আশ্রম পর্যন্ত ৮ কিলোমিটার পথে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। 

ট্রাম্পের সঙ্গে রয়েছেন ১০০ জনের প্রতিনিধি দল। সাবরমতী আশ্রমের পথে ট্রাম্প-মোদীর কনভয়।বিমানবন্দর ছেড়ে বেরিয়ে গেলেন সপরিবার ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প এবং মেলানিয়া  বিমানবন্দরে নামতেই নাচ-গানে এবং শঙ্খ বাজিয়ে ভারতীয় রীতিতে স্বাগত জানানো হয় তাঁদের।মোদীর সঙ্গে আলিঙ্গন করেন ডোনাল্ড ট্রাম্প।বিমান থেকে নামলেন সস্ত্রীক মার্কিন প্রেসিডেন্ট এবং তাঁর স্ত্রী। তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানালেন মোদী।

মোতেরায় পৌঁছেছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় এবং সচিব জয় শাহ। ট্রাম্পের হিন্দি টুইটের প্রেক্ষিতে মোদী পাল্টা টুইট করে বলেন, “অতিথি দেব ভব।”ট্রাম্পকে স্বাগত জানানোর জন্য বিমানবন্দরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

দু’দিনের সফরে ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর এই সফরকে স্মরণীয় করে রাখতে খামতির কোনও জায়গা রাখছে না ভারত। তা সে নিরাপত্তা হোক বা তাঁর থাকার ব্যবস্থা— সব দিক থেকে লক্ষ্যণীয় ব্যবস্থা করা হয়েছে। সর্দার বল্লভভাই পেটেল বিমানবন্দর থেকে আমদাবাদ পর্যন্ত দীর্ঘ ২২ কিলোমিটার রাস্তা গত কয়েক দিনে সেজে উঠেছে।

মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানাতে এই দীর্ঘ পথে নজিরবিহীন ব্যবস্থা করা হয়েছে। থাকছে নাচ-গান এবং ‘রোড শো’-এর ব্যবস্থা। নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা আমদাবাদ শহরটিকে। ১০ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়াও নিরাপত্তার দায়িত্বে থাকছে মার্কিন সিক্রেট সার্ভিস, ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি) এবং স্পেশাল প্রোটেকশন গ্রুপ (এসপিজি)।

সূত্র: আনন্দবাজার

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন