১৬ মার্চ ২০২৬

৭১জন শিক্ষার্থীকে বৃত্তি দিল ‘এসজেডএইচএম’ ট্রাস্ট

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত স্কুল থেকে বাছাইকৃত ৫১জন ও ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ডের প্রান্তিক এলাকা থেকে ২০জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে বৃত্তির নগদ অর্থ ও সনদ প্রদান করেছে ‘শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভণ্ডারী বৃত্তি তহবিল’।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ২টায় নগরীর চান্দগাঁওস্থ ‘এসজেডএইচএম ট্রাস্ট মিলনায়তন’ অনুষ্ঠিত এ বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৃত্তি তহবিল পরিচালনা পর্ষদের সভাপতি ও বিজিএমইএ’র সাবেক প্রথম সহ-সভাপতি লায়ন এম. নাসির উদ্দিন চৌধুরী।

প্রধান অতিথি ছিলেন এস জেড এইচ এম ট্রাস্ট সচিব অধ্যাপক এ ওয়াই এম জাফর। বিশেষ অতিথি ছিলেন চসিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান।

বৃত্তি তহবিল পরিচালনা পর্ষদ সাধারণ সম্পাদক সৈয়দ আবু আহমদ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ও বক্তব্য রাখেন, বৃত্তি তহবিল পরিচালনা পর্ষদ নির্বাহী সদস্য চ.বি আরবি বিভাগের সহযোগী অধ্যাপক মাওলানা ড. মোহাম্মদ জাফর উল্লাহ্, বৃত্তি তহবিল পরিচালনা পর্ষদ নির্বাহী সদস্য চুয়েট কলেজের অধ্যক্ষ মোহাম্মদ গোফরান ও বৃত্তি তহবিল পরিচালনা পর্ষদ নির্বাহী সদস্য ও ট্রাস্টের নির্বাহী কর্মকর্তা প্রশাসন মোহাম্মদ নূরুল মোস্তফা।

এতে উপস্থিত ছিলেন, বৃত্তি তহবিল সহযোগী সদস্য ওমর ফারুক, শওকত হোসেন রুবেলসহ বিভিন্ন স্কুলের প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দ।

বাংলাদেশে প্রবর্তিত ত্বরিকা, ত্বরিকা-ই-মাইজভান্ডারীয়ার প্রবর্তক গাউসুল আযম হযরত মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী (কঃ)-এর ১১৪তম উরস শরিফ উপলক্ষে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (কঃ) ট্রাস্টের ১০ দিনব্যাপি কর্মসূচির অংশ হিসেবে বৃত্তি তহবিল আয়োজিত ২০১৯ পর্বের মেধাবৃত্তির ২য় পর্বে বিভিন্ন স্কুলের ৭১ জন শিক্ষার্থীকে ১ লক্ষ ৪২ হাজার টাকার বৃত্তির নগদ অর্থ ও সনদ প্রদান করা হয়।

উল্লেখ্য, আগামী ১৪ মার্চ ২০২০ কুমিল্লা জোনের মেধাবৃত্তির অর্থ ও সনদ কুমিল্লা সদরে প্রদান করা হবে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন