বাংলাধারা প্রতিবেদন »
আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে সমন্বয়কের দায়িত্ব পেয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। তিনি দলের স্বার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থন দেওয়া কাউন্সিলর প্রার্থীদের মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এ আহবান জানান।
সভায় মোশাররফ হোসেন বলেন, যাদের প্রার্থী করা হয়েছে, তাদের সমর্থন দিয়েছে দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড। মনোনয়ন বোর্ডের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুতরাং তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রার্থী। দলের স্বার্থে যাদের প্রার্থী করা হয়েছে তাদের মেনে নিতে হবে এবং সবাইকে তাদের পক্ষে কাজ করতে হবে।
বিদ্রোহী প্রার্থী ও ক্ষুব্ধ নেতাদের উদ্দেশে তিনি বলেন, পদ-পদবি সাময়িক। আমি মন্ত্রী ছিলাম, এখন নেই। আমাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের প্রেসিডিয়াম সদস্য করেছেন। আগামীতে না-ও থাকতে পারি। তাই বলে কি আওয়ামী লীগ করব না ? আওয়ামী লীগের একজন কর্মী হয়ে থাকাও তো অনেক গৌরবের।
সভায় মেয়র প্রার্থী নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরী বলেন, মেয়র পদে অনেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। আমার চেয়েও যোগ্য অনেকে ছিলেন। কিন্তু নেত্রী আমাকে মনোনয়ন দিয়েছেন। আমি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতি করছি। আমি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ সহযোগিতা চাই।
সভায় নগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সম্পাদকমণ্ডলীসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা এবং থানা ও ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদকরা ছিলেন।
বাংলাধারা/এফএস/টিএম












