২১ অক্টোবর ২০২৬

সাগর-রুনি হত্যাকাণ্ডে জড়িত ২ অপরিচিত পুরুষ

বাংলাধারা ডেস্ক »  

সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনির হত্যায় দু’জন অপরিচিত পুরুষ জড়িত ছিলেন। নিহতদের ব্যবহৃত কাপড়ে তাদের ডিএনএ শনাক্ত করা হয়েছে। হাইকোর্টে জমা দেওয়া র‌্যাবের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সোমবার (২ মার্চ) বিকেলে র‌্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র‌্যাব) সাগর-রুনির হত্যা মামলার অগ্রগতি প্রতিবেদন হাইকোর্টে জমা দেয় । প্রতিবেদন এ তথ্য জানানো হয়।

মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাবের খন্দকার শফিকুল আলম হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনটি হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চে আগামী বুধবার মামলাটির শুনানির দিন ধার্য রয়েছে।

এর আগে হাইকোর্টের একটি বেঞ্চ গত ১৪ নভেম্বর এ মামলায় সর্বশেষ তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য র‌্যাবকে নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে সোমবার র‌্যাব মামলার অগ্রগতি প্রতিবেদন দাখিল করে।

এ মামলার কারাগারে থাকা আসামি তানভীরের আচরণ রহস্যজনক বলে প্রতিবেদনে উল্লেখ করে র‌্যাব। ডিএনএ পরীক্ষার মাধ্যমে যে ‘ দুজন অপরিচিত পুরুষ’ শনাক্ত করা হয়েছে প্রতিবেদনে তাদের নাম-পরিচয় জানানো হয়নি।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর রাজাবাজারের বাসায় নির্মমভাবে খুন হন সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনী। প্রথমে পুলিশ এবং পরে র‌্যাব এই মামলার তদন্ত করে। তদন্ত করতে আদালতের কাছ থেকে ৭১ বার সময় নিয়েও চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে পারেনি র‌্যাব। মামলাটির চূড়ান্ত প্রতিবেদন আদালতে জমা দিতে আগামী ২৩ মার্চ দিন ধার্য রয়েছে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ