জসিম উদ্দিন জয়নাল, খাগড়াছড়ি »
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা আলুটিলা বটতলী গাজিনগর বিজিবি গ্রামবাসীর সংঘর্ষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বুধবার (৪ মার্চ) সকাল ৮ টায় মাটিরাঙ্গা থানার ওসি সামসুদ্দিন ভূঁইয়া স্বজনদের কাছে লাশ হস্তান্তর করেছেন বলে জানান তিনি।
আলুটিলা বটতলী হাইস্কুল মাঠে ৪ জনের জানাজায় উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক, মাটিরাঙ্গা থানা সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. খোরশেদ আলম, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. সামসুদ্দীন ভূঁইয়া, মাটিরাঙ্গা উপজেলা আ.লীগের সভাপতি এম হুমায়ন মোর্শেদ খান, সাধারণ সম্পাদক সুবাস চাকমা, মাটিরাঙ্গা সদর ইউনিয়নের চেয়ারম্যান হিরন জয় ত্রিপুরা,মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি এম এম জাহাঙ্গীর আলম, পৌরসভার প্যানেল মেয়র কাউন্সিলর আলা উদ্দিন লিটন, ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. এমরান হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি, এলাকাবাসী ও স্বজনরা।
সকাল ১১ টার দিকে মাটিরাঙ্গার আলুটিলা বটতলী হাই স্কুল মাঠে নিহত শাহাব মিয়া (মুছা), মফিজ মিয়া, আলী আকবর ও আহমদ আলীর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে বটতলী কবর স্থানে মফিজ মিয়া এবং দশনং ইসলামপুর কবর স্থানে পিতাসহ দুই পুত্রের দাফন করা হয়।
এর আগে মঙ্গলবার রাতে পলাশপুর বিজিবি জোনে নিহত বিজিবি সদস্য মো. শাওনের জানাজা শেষে মরদেহ বরগুনার বেতাগী থানায় স্বজনদের কাছে মরদেহ পাঠানো হয়।গাছ কাটার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রামবাসীর ওপর বিজিবির এমন গুলি বর্ষণের ঘটনায় এলাকায় চাপা ক্ষোভ বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
এদিকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার রেজাউল করিমকে প্রধান করে গঠিত তদন্ত কমিটির কার্যক্রম শুরু হয়েছে। কমিটি গঠনের তিন কার্যদিবসের মাঝে তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।
মাটিরাঙ্গা থানার ওসি সামসুদ্দিন ভূঁইয়া জানান, এ ঘটনায় এখনও কোন মামলা হয়নি। স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করা ২ যুবককে ছেড়ে দেয়া হয়েছে।
মাটিরাঙ্গা উপজেলা নিবার্হী অফিসার বিভীষণ কান্তি দাশ বলেন, গত কালের ঘটনায় যারা মারা গিয়েছে তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এলাকায় কোন ধরনের বিশূঙ্খলা সৃষ্টি করা যাবে না আপনারা সবাই শান্ত থাকেন তদন্ত কমিটির মাধ্যমে যে অপরাধী তার বিচার করা হবে।
এদিকে বটতলী কবর স্থানে মফিজ মিয়া ও তার বেয়াই ও জামাইকে দশনং ইসলামপুর কবর স্থানে পিতাসহ দুই পুত্রের দাফন করার পর দুটি পরিবারে শোকের ছাড়া নেমে এসেছে। নিহত সাহাব মিয়া (মুছা)স্ত্রী রঞ্জু বেগম বলেন, আমার সব শেষ আমি স্বামীসহ দুই সন্তানকে হারিয়েছি আমার সরকারের কাছে সুষ্ঠতদন্তের মাধ্যমে যারা আমার পরিবারকে নিশ্বকরে দিয়েছে তাদের বিচার চাই।
প্রসঙ্গত, মঙ্গলবার দুপুরে মাটিরাঙ্গার গাজী নগর এলাকায় গাছ কেটে কাঠ নিয়ে যাওয়ার পথে বিজিবির সাথে কাটাকাটির এক পর্যায়ে বিজিবি এলোপাতাড়ি গুলি করে বলে অভিযোগ করে স্থানীয়রা। এতে বিজিবি সদস্যসহ ৫ জন নিহত হয়। তবে বিজিবি সদস্যের কাছ থেকে অস্ত্র কেড়ে নেয়ায় অনিয়ন্ত্রিত পরিস্থিতি মোকাবেলায় বিজিবি গুলি ছুঁড়ে বলে দাবি করে বিজিবি।
বাংলাধারা/এফএস/টিএম/এএ












