বাংলাধারা প্রতিবেদন »
১৭ মার্চের পর প্রথম ধাপে প্রতিষ্ঠিত অনলাইনের রেজিস্ট্রেশন দেয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। অনলাইন পোর্টাল ও টিভির রেজিস্ট্রেশন আহ্বান করা হয়েছে-জানিয়ে তিনি বলেন ইতোমধ্যে ১০০টির মতো অনলাইনের গোয়েন্দা প্রতিবেদন পাওয়া গেছে।
বুধবার (৪ মার্চ) জাতীয় প্রেসক্লাবে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের সাবেক মহাপরিচালক প্রয়াত শাহ আলমগীরকে নিয়ে ‘স্বপ্নের সারথি শাহ আলমগীর’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তথ্যমন্ত্রী আরও বলেন, দেশের গণমাধ্যম যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে সে লক্ষ্যে সরকার কাজ করছে।দেশে গণমাধ্যমের ব্যাপক বিকাশ লাভ করেছে। কিন্তু সবার আগে সর্বশেষ সংবাদ পরিবেশনের প্রতিযোগিতা সংবাদের গুণগত মান হারাচ্ছে। এই প্রতিযোগিতার জন্য অনেক সময় বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সম্ভব হয়ে উঠে না। অনেক সময় ভুল সংবাদ পরিবেশিত হয়ে থাকে। এ বিষয়ে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সাংবাদিকতার গুণগত মানের উৎকর্ষ সাধন করাও প্রত্যেকের সম্মিলিত দায়িত্ব।বিতর্ক ভিত্তিক সমাজের মাধ্যমে সমাজের পরিপূর্ণ বিকাশ ঘটে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা বিতর্ক ভিত্তিক সমাজ গঠনে অপরিহার্য।যেন কেউ কোনো অনলাইনের নিয়োগ নিয়ে পরিচয় দিয়ে ঢাল হিসেবে ব্যবহার করতে না পারে, এটাও দেখার প্রয়োজন।
পত্রিকার প্রচার সংখ্যায় হ-য-ব-র-ল অবস্থা জানিয়ে হাছান মাহমুদ বলেন, এ অবস্থার উত্তরণ দরকার। প্রচার সংখ্যা নিয়ে যে অবস্থা, তাতে দেখা যায়, অনেক অখ্যাত পত্রিকাও প্রতিষ্ঠিত পত্রিকার চেয়ে বেশি সার্কুলেশন। এ অবস্থার পরিবর্তন দরকার।
অনুসন্ধানী সাংবাদিকদের প্রতি নাগরিক হিসেবে কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, কিছু রিপোর্টার খুব ভালো প্রতিবেদন করেন। যাদের লেখনীতে দেশ এগিয়ে যাচ্ছে।
ড. হাছান মাহমুদ বলেন, পৃথিবীতে প্রতিনিয়ত মানুষ বাড়ছে। কিন্তু ভালো মানুষের সংখ্যা বাড়ছে না। এখন মানুষ আত্মকেন্দ্রীক বেশি। সারা পৃথিবীতে মানুষ অদ্ভুত প্রতিযোগিতায় ব্যস্ত রয়েছে। এরমধ্যেও কিছু মানুষ আশার আলো দেখায়। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) সাবেক মহাপরিচালক প্রয়াত শাহ আলমগীর তেমনই ভালো লোক ছিলেন। সমাজকে সঠিক পথে পরিচালিত করতে তার মতো লোক প্রয়োজন। তিনি ছিলেন নির্লোভ নিরহংকার মানুষ। এমন মানুষ যুগে যুগে খুব কমই আসে বলে জানান তথ্যমন্ত্রী।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আআমস আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম, প্রথম আলোর যুগ্ম-সম্পাদক সোহরাব হাসান ও জেষ্ঠ্য সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল ও মরহুম সাংবাদিক শাহ আলমগীরের স্ত্রী ফৌজিয়া বেগম মায়াসহ অনেকে।
বাংলাধারা/এফএস/টিএম












