বাংলাধারা প্রতিবেদন »
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হলে মধ্যরাতে শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠন সিক্সটি নাইন ও বিজয় গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগে বুধবার বিকেলেও ছাত্রলীগের দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
বুধবার (০৪ মার্চ) মধ্য রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
ক্যাম্পাস সূত্র জানায়, বগিভিত্তিক সংগঠন সিক্সটি নাইনসহ একাধিক গ্রুপের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলে থাকা বিজয় গ্রুপের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়। এ সময় হলের লাইটগুলো ভেঙে দিলে দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এক পর্যায়ে হলের জানালা-দরজায় ভাঙচুর চালান বিবদমান কর্মীরা।
এ সময় ৬টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় ক্যাম্পাসে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।
এ বিষয়ে যোগাযোগ করলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এস এম মনিরুল হাসান বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। ঘটনাস্থল ও ক্যাম্পাসে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ঘটনায় ৫২জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বাংলাধারা/এফএস/টিএম












