৩০ মার্চ ২০২৬

বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীরা থাকছে কি থাকছে না, সিদ্ধান্ত আজ

মুহাম্মদ আব্দুল আলী »

আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীরা থাকছে কি থাকছে না এ বিষয়ে আওয়ামী লীগ কঠোর সিদ্ধান্তে যাচ্ছে আজ।

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) নগরীর কেসিদে রোডস্থ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদ প্রার্থী এম রেজাউল করিম চৌধুরীর নির্বাচনী কার্যালয়ে চসিক নির্বাচনের প্রধান সমন্বয়ক ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সবাইকে নিয়ে বসবেন।

দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে চসিক নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন, তাদেরকে মহানগর আওয়ামী লীগের কাউন্সিলে দলীয় কোন গুরুত্বপূর্ণ পদ-পদবি দেওয়া হবে না- এমন কঠোর সিদ্ধান্তে যাচ্ছে দলটি।

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের প্রধান সমন্বয়ক ও বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির সাথে কথা হলে এমন আবাস দিয়েছেন তিনি।

ইঞ্জিনিয়ার মোশাররফ বলেন, আজ বৃহস্পতিবার (৫ মার্চ) বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে প্রথম একটি সমন্বয় সভা করা করা হবে। আওয়ামী লীগের দলীয় সমর্থিত কাউন্সিলর প্রার্থী ছাড়া বিভিন্ন ওয়ার্ডে অন্য যারা প্রার্থী হয়েছেন (বিদ্রোহী) তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়া হবে। যদি দলীয় সিদ্ধান্ত কেউ অমান্য করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এ বর্ষীয়ান রাজনীতিবিদ।

খবর নিয়ে জানা গেছে, চসিক নির্বাচনে ৪১ ওয়ার্ডের প্রত্যেকটিতে কাউন্সিলর পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী দেয়ার পরও অনেকেই দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তারা কি আদৌ নির্বাচন করবেন, না শেষ পর্যন্ত প্রত্যাহার করে নেবেন তা স্পষ্ট হবে আজ বৃহস্পতিবার দলীয় সিদ্ধান্তের পর। তবে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে আওয়ামী লীগের বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থীরা ৮ মার্চের মধ্যে প্রার্থীতা প্রত্যাহার করবেন না তাদের জন্য দলীয় পদ-পদবী হারানোর মতো ভয়ংকর সিদ্ধান্ত আসছে।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন