৩০ মার্চ ২০২৬

সন্দ্বীপে জোড়া খুনের আসামী মিশু গ্রেফতার

সন্দ্বীপ প্রতিনিধি »

সন্দ্বীপের আলোচিত জোড়া খুন মামলার প্রধান আসামী ফজলে এলাহী মিশু ও তার এক সহযোগী সাজেদ চৌধুরী গ্রেফতার হয়েছে।

বুধবার (৪ মার্চ) রাত সাড়ে ১ টার দিকে তাদের গ্রেফতার করা হয়।

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শরিফুল আলম বাংলাধারাকে বলেন, সন্দ্বীপ বাতেন মার্কেটে সংঘটিত আলোচিত জোড়া খুনের মামলার প্রধান আসামী ফজলে এলাহী মিশু এলাকায় অবস্থান করছে এ তথ্যসূত্রের ভিত্তিতে সন্দ্বীপ থানা পুলিশ গত রাত সাড়ে ১০ টার দিকে এ খুনের আসামীকে গ্রেফতারে বিশেষ অভিযান পরিচালনা করেন এবং রাত আনুমানিক রাত প্রায় ২টার দিকে মিশুকে তার সহযোগী সাজেদসহ গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় মিশুর কাছ থেকে একটি দু’নালা বন্দুক, চার রাউন্ড কার্তুজ ও বেশকিছু ইয়াবা জব্দ করা হয়।

তিনি আরও বলেন, ফজলে এলাহী মিশুর বিরুদ্ধে অস্ত্র বিস্ফোরক, খুন, মাদকসহ আটটি মামলা রয়েছে সন্দ্বীপ থানায়। তার সহযোগী সাজেদ চৌধুরীর বিরুদ্ধেও একটি অস্ত্র মামলা রয়েছে।

উল্লেখ্য, ২১ সেপ্টেম্বর ২০১৫ সালে সন্দ্বীপ পৌরসভার বাতেন মার্কেট এলাকায় পশুর হাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জাফর গ্রুপের সাথে মিশু গ্রুপের সংঘর্ষে গুলিতে যুবলীগ কর্মী জাহাঙ্গীর আলমসহ সাধারণ পথচারী কবির হোসেন নিহত হয়। এ ঘটনায় করা মামলায় ফজলে এলাহী মিশু প্রধান আসামী। মিশু সন্দ্বীপ বাউরিয়াস্থ লংকার বাড়ির জামশেদুর রহমানের পুত্র।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন