বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন সমন্বয়কারী ও দলের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, দলের সিদ্ধান্ত অমান্য করলে কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই। দলের পদ-পদবিতে থাকুক আর না-ই থাকুক, দলের নাম তারা কেউ ব্যবহার করতে পারবে না। দলের কোনো সুযোগ-সুবিধা তারা ভোগ করতে পারবে না। এ ব্যাপারে দলীয়ভাবে জিরো টলারেন্স অবস্থান থাকবে। এর আগে বিদ্রোহী প্রার্থীরা হট্টগোল শুরু করলে তড়িঘড়ি করে সভাস্থল ছেড়ে যান মোশাররফ।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়।
মোশাররফ হোসেন বলেন, আগামী ৮ মার্চ দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এবং বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন আসবেন। সেদিনও কাউন্সিলর প্রার্থীদের নিয়ে আলোচনা করা হবে।
তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মনোনয়ন বোর্ড যে মনোনয়ন দিয়েছেন সেটাকেই আমরা ফলো করব। মুজিববর্ষে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এবং সব কাউন্সিলর পদ আওয়ামী লীগকে উপহার দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান মোশাররফ।
বাংলাধারা/এফএস/টিএম












