বাংলাধারা প্রতিবেদন »
অধিনায়ক হিসেবে ৫০তম ম্যাচ জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশের মাশরাফি বিন মর্তুজা। আগামীকাল সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাশরাফির নেতৃত্বে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে জিম্বাবুয়েকে হারালেই, ক্রিকেট অঙ্গনে অনন্য এক মাইলফলক স্পর্শ করবেন বাংলাদেশের সফল অধিনায়ক।
ইতোমধ্যে মাশরাফির নেতৃত্বে সিরিজের প্রথম দুই ম্যাচেই জিম্বাবুয়েকে হারিয়েছে বাংলাদেশ। এ পর্যন্ত ৮৭ ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে ৪৯টি জয়ের রেকর্ড দাঁড় করিয়েছেন মাশরাফি। তাই আগামীকাল জিতলেই বাংলাদেশের প্রথম ও বিশ্বের ২৫তম অধিনায়ক হিসেবে ৫০টি ওয়ানডে জয়ের মাইলফলক স্পর্শ করবেন মাশরাফি।
অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ওয়ানডে জয়ে মাশরাফির পর দ্বিতীয় স্থানে আছেন হাবিবুল বাশার। তবে বেশ পিছিয়েই আছেন বর্তমান নির্বাচক। ক্যারিয়ার শেষ করার আগপর্যন্ত অধিনায়ক হিসেবে দেশকে ২৯টি ওয়ানডে জয়ে নেতৃত্ব দিয়েছিলেন হাবিবুল। ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত ৬৯ ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। সাকিব আল হাসান ৫০ ম্যাচে নেতৃত্ব দিয়ে জিতেছেন ২৩ ম্যাচ।
এ ছাড়া ওয়ানডে জয়ী অধিনায়কদের মধ্যে আছেন মুশফিকুর রহিম (১১ ম্যাচ), মোহাম্মদ আশরাফুল (৮ ম্যাচ), খালেদ মাসুদ (৪ ম্যাচ), আমিনুল ইসলাম (২ ম্যাচ) ও আকরাম খান (১ ম্যাচ)। পাশাপাশি খালেদ মাহমুদ ১৫ ম্যাচ, গাজী আশরাফ হোসেন ৭ ম্যাচ, মিনহাজুল আবেদীন ২ ম্যাচ, নাঈমুর রহমান ৪ ম্যাচ, তামিম ইকবাল ৩ ম্যাচ ও রাজিন সালেহ ২ ম্যাচে দেশকে নেতৃত্ব দিয়ে একটি ম্যাচেও জয়ের মুখ দেখেননি। তবে এমন রেকর্ড মাশরাফিকে খুব উচ্ছ্বসিত করছে না।
ব্যক্তিগত অর্জনকে তিনি গৌণ করেই দেখতে চান। তিনি বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি এটা নিয়ে খুব একটা ভাবছি না। দেশ যে এতগুলো ম্যাচ জিতেছে, আমার কাছে সেটিই বড় ব্যাপার। পরের ম্যাচটা আমার কাছে আর দশটা ম্যাচের মতোই।’
বাংলাধারা/এফএস/টিএম/ইরা












