৩০ মার্চ ২০২৬

বোয়ালখালীতে আগুনে পুড়ে ছাই ৪০ বসতঘর

বোয়ালখালী প্রতিনিধি »

বোয়ালখালীতে আগুনে পুড়ে গেছে ৭ পরিবারের ৪০ বসতঘর। মঙ্গলবার (১৭ মার্চ) ভোরে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ১নং ওয়ার্ডের খন্দকার পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার কিরীটী রঞ্জন বড়ুয়া জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি গাড়ি প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে মঙ্গলবার ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক নিরুপণ করা যায়নি। আগুনে মাওলানা নাজমুল হক, ফজলুর হক, আলতাফ হোসেন, আবু তৈয়ব, সাখাওয়াত হোসেন ও করিম উদ্দিনের ১৪টি সেমিপাকা ঘর ও ২৬টি কাঁচা ঘর পুড়ে গেছে বলে জানান তিনি।

ঘটনাস্থলের পার্শ্ববর্তী ঘরে থাকা রাজমিস্ত্রী মো. বশির জানান, রাত পৌনে ৩টার দিকে নির্মাণাধীন একটি পাকা দেওয়াল ভাংচুরের শব্দ পেয়ে ঘর থেকে বের হলে আগুন দেখতে পান। এ সময় দ্রুত পার্শ্ববর্তী পরিবারের লোকজনকে ডাকতে গেলে ঘরের দরজায় বাইরে থেকে হুক লাগানো ছিল। হুক খুলে দেওয়ায় ওই পরিবারের সদস্যরা আগুন থেকে রক্ষা পেয়েছে।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য ও স্থানীয় আবু তৈয়ব, মাওলানা মো. হাসান, মাহমুদুর রহমান, বখতেয়ার হোসেন, শাহাদাত হোসেন জানান, জায়গা জমির বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। আগুনে নগদ ৭ লাখ টাকাসহ ৭টি পরিবারের ৪০টি ঘর পুড়ে যায়। এতে প্রায় ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেন তারা। তারা আরও জানান, এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানিয়েছেন বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত )মু. হেলাল উদ্দীন ফারুকী।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন