৩০ মার্চ ২০২৬

জ্বর-হাঁচি-কাশিতে আক্রান্তদের মসজিদে না যাওয়ার পরামর্শ

বাংলাধারা ডেস্ক »

মহামারি করোনাভাইরাস ঠেকাতে বিদেশফেরত, জ্বর-হাঁচি-কাশিতে আক্রান্তদের মসজিদে যাওয়া ও জনসমাগম পরিহারের পরামর্শ দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

মঙ্গলবার (১৭ মার্চ) ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আনিস মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিবৃতিতে জানানো হয়, বিশ্বের বিভিন্ন দেশে করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করায় দেশে একটি বিশেষ অবস্থা বিরাজ করছে। আন্তর্জাতিক ফ্লাইট বন্ধসহ অভ্যন্তরীণ যোগাযোগ সীমিত করা হয়েছে। বিশ্বে প্রতিদিন মানুষের মৃত্যুর সংবাদ পাওয়া যাচ্ছে এবং নতুন নতুন লোক করোনায় আক্রান্ত হচ্ছে।

‘বাংলাদেশেও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সরকার শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণাসহ বেশকিছু নির্দেশনা দিয়েছে। জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন কর্মসূচি সীমিত করা হয়েছে। জনসমাগম পরিহারের নির্দেশ দেওয়া হয়েছে। গুজব-আতঙ্ক ও বিভ্রান্তি ছড়ানোর মাধ্যমে জনমনে ভীতির সঞ্চার করা থেকে বিরত থাকার জন্যও অনুরোধ করা হয়েছে।’

‘এ প্রেক্ষাপটে করোনা ভাইরাস সংক্রমণ থেকে ধর্মপ্রাণ মুসল্লিসহ সমগ্র মানবজাতিকে সুরক্ষা, নিরাপদ ও সতর্ক করার লক্ষ্যে বিদেশফেরত ব্যক্তি, করোনার লক্ষণযুক্ত ব্যক্তি এবং জ্বর-হাঁচি-কাশিতে আক্রান্ত ও অসুস্থ ব্যক্তিদের মসজিদে যাওয়াসহ জনসমাগম পরিহারের জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হলো।’

দেশের সব মসজিদে জুমার খুতবায় বিষয়টি গুরুত্ব সহকারে আলোচনা এবং করোনা ভাইরাস থেকে হেফাজতের জন্য মহান আল্লাহর দয়া, ক্ষমা ও করূণা প্রার্থনা করে বিশেষ দোয়া করার জন্য খতিব ও ইমামদের বিশেষভাবে অনুরোধ করেছে ইসলামকি ফাউনেডশন।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন