৩০ মার্চ ২০২৬

‘বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ নামক রাষ্ট্রের সৃষ্টি হতো না’

বাংলাধারা প্রতিবেদন »

‘যাঁর জন্ম না হলে বাংলাদেশ নামক রাষ্ট্রের সৃষ্টি হতো না। আজ থেকে শতবর্ষ পূর্বে এক অঁজপাড়া গাঁয়ে জন্মেছিলেন হাজার বছরের এই শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।’

মঙ্গলবার (১৭ মার্চ) চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের যৌথ উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী তথা মুজিব শতবর্ষের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সিডিএ’র চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ এ মন্তব্য করেন।

প্রধান অতিথি জহিরুল আলম দোভাষ বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মূল্য উদ্দেশ্য ছিলো বাংলাদেশ থেকে বঙ্গবন্ধুর নাম চিরতরে মুছে ফেলা। কিন্তু বাংলাদেশের জনগণের অকৃত্রিম ভালোবাসায় ২০০৮ সাল থেকে জাতির পিতার সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে সামনের দিকে। বর্তমানে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের এই ধারা অব্যাহত থাকলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠিত হবেই।

চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব আলী আব্বাসের সভাপতিত্বে এবং প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজা।

এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী, বিএফইউজে’র সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, সাবেক সহ-সভাপতি শহীদ উল আলম, সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি নাজিমুদ্দীন শ্যামল, সিইউজে’র সাধারণ সম্পাদক মোহাম্মদ শামসুল ইসলাম, বিএফইউজে’র সাবেক যুগ্ম মহাসচিব আসিফ সিরাজ প্রমুখ।

আলোচনার আগে জাতীয় পতাকা উত্তোলন এবং প্রেস ক্লাব প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সম্বলিত ম্যুরালে প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। আলোচনা শেষে ক্লাবের পিএইচপি ভিআইপি লাউঞ্জে জাতির পিতার জন্মশত বার্ষিকীর কেক কাটেন প্রধান অতিথি এম জহিরুল আলম দোভাষ।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন