কক্সবাজার প্রতিনিধি »
কক্সবাজারে মজিববর্ষ পালন উপলক্ষে ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল টেরাকোটা ও ফ্ল্যাট প্রকল্প’ উন্মোচন করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে শহরের লাবনী পয়েন্টে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ নির্মিত এই ম্যুরালটি উন্মোচন করা হয়।
ম্যুরাল উন্মোচন অনুষ্ঠানে কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, সেনাবাহিনীর রামু ১০ পদাতিক ডিভিশনের জিওসি ও কক্সবাজার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. মাঈন উল্লাহ চৌধুরী, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে.কর্ণেল (অব.) ফোরকান আহমেদ, কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
পরে কেক কেটে জন্মশতবার্ষিকী পালনের পর কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের আবাসন প্রকল্পের প্রসপেকটাসের মোড়ক উন্মোচন করা হয়।
এতে বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু বলেছিলেন-আমার যা কিছু আছে তাই নিয়ে সোনার বাংলাকে নতুন করে গড়তে হবে। বঙ্গবন্ধুর সে স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বধীন বর্তমান সরকার। লাবনী পয়েন্টে ৩০ ফিট দীর্ঘ টেরাকোটা ওয়ালে ‘বায়ান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে একটি স্বাধীন বাংলাদেশের জন্ম এবং সেই বাংলাদেশকে একটি উন্নত দেশ হিসেবে বিশ্ব দরবারে প্রতিষ্ঠার জন্য অগ্রযাত্রার একটি চিত্রকল্প এতে প্রকাশিত হয়েছে।

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে.কর্ণেল (অব.) ফোরকান আহমেদ জানান, শেখ হাসিনার অবদান; সবার জন্য বাসস্থান- এ শ্লোগানে মুজিব শতবর্ষে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ সর্বসাধারণের জন্য ৪টি ১৫ তলা ভবন নির্মিণের উদ্যোগ নিয়েছে। এসব ভবনে ৩৭৮টি ফ্ল্যাট তৈরী হবে। ফ্ল্যাটের জন্য যে কেউ নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন। মুজিববর্ষের প্রথম দিন ১৭ মার্চ হতে ১৭ এপ্রিল পর্যন্ত আবেদনের সময় রয়েছে। কউকের আবাসিক ফ্ল্যাট প্রকল্প ১ এর ৪টি ভবনই নির্মিত হচ্ছে কলাতলী রোডে কক্সবাজার পুলিশের লাইনসের উল্টো দিকে আদর্শ গ্রামের লাগোয়া মনোরম পরিবেশে।
পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, জেলা আওয়ামীলীগ সভাপতি সিরাজুল মোস্তফা, জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, র্যাব-১৫’র কমান্ডার আজিম আহমেদ, মুক্তিযোদ্ধা কমান্ডার কামাল হোসেন চৌধুরী, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেল, কউক সচিব আবু জাফর রাসেদ ও বিমান বাহিনী শেখ হাসিনা ঘাটির প্রধান প্রমূখসহ অন্যরা এসময় উপস্থিত ছিলেন।
অপরদিকে, মুজিব শতবর্ষ উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসন একশ’ পাউন্ডের কেক কেটে জন্মশতবার্ষিকী উদযাপন করে। সার্কিট হাউস এলাকায় বিশেষ চাহিদা সম্পন্নদের প্রতিষ্ঠান অরুনোদয় প্রাঙ্গণে বঙ্গবন্ধুর আবক্ষ প্রতিকৃতিতে জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারী, বেসরকারী প্রতিষ্ঠানের উদ্যোগে সকাল থেকে ফুল দিয়ে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন, আলোচনা সভা, মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
পৃথক অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে মুজিব শতবর্ষ উদযাপন করেছে কক্সবাজার মেডিকেল কলেজ। অধ্যক্ষ প্রফেসর অনুপম বড়–য়ার নেতৃত্বে অনুষ্ঠানে বিএমএ সভাপতি পুঁ চ নু, সম্পাদক মাহবুবুর রহমান, জেলা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. মহিউদ্দিন, শিক্ষক পরিষদের সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন বঙ্গবন্ধুর জীবন নিয়ে আলোচনা করেন।
তারা বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে হয়তো বাংলাদেশ নামে পৃথক একটি রাষ্ট্র হতো না। আগামী একটি বছর নানা আয়োজনে বর্ষটি পালন করা হবে।
বাংলাধারা/এফএস/টিএম












