সায়ীদ আলমগীর, কক্সবাজার »
বিশ্বময় মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনার ভয় রোহিঙ্গা ক্যাম্পেও কাজ করছে। পৃথিবীর সর্ববৃহৎ শরণার্থী ক্যাম্প হিসেবে প্রায় সাড়ে ১১ লাখ বাস্তুচ্যুত মানুষের অপরিচ্ছন্ন ঘনবসতির কারণে করোনার সংক্রমণ নিয়ে ভয় কাজ করছে বলে মন্তব্য করেছেন সচেতন রোহিঙ্গারা। ভয় থাকলেও সেনাবাহিনী ও প্রশাসনের সচেতনতামূলক প্রচারণা এবং নিয়মতি খাদ্য বিতরণের কারণে কোন সংকট নেই বলেও দাবি করেছেন তারা। করোনা ক্রান্তিকাল শুরুর পর থেকেই রোহিঙ্গা ক্যাম্পে স্বাস্থ্য সচেতনতা আরো বাড়ানোর পাশাপাশি পরিচ্ছন্নতার নিয়ম মেনেই ভোগ্যপণ্য বিতরণ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত শরণার্থী ও প্রত্যাবাসন কমিশনার এসএম শামসুজ্জোহা।
উখিয়ার কুতুপালং ক্যাম্প-৩ বাসিন্দা জহির মোহাম্মদ (৪১) ক্যাম্পে টহল দেয়া সেনাবাহিনী ও হেলথ কর্মীরা যেভাবে ঘোষণা করছেন, তাতে বুঝা যায় করোনা একটি ছোঁয়াচে ভাইরাস। এটি মানুষের সংস্পর্শে বেশি ছড়ায়। সে হিসেবে আমাদের ক্যাম্পে যদি আল্লাহ না করুক কারো মধ্যে পজেটিভ হয়, দ্রুত বিস্তার নিবে। কারণ আমরা ঘনবসতিতে গাদাগাদি থাকি, এটা ভয়ের। আমরা যতটুকু পারি পরিচ্ছন্ন থাকছি, বাকিটা আল্লাহর হকুম। আল্লাহতালার উপরই ভরসা।
মধুরছড়া ক্যাম্পে ডাবল ও জোনের সালামত খান (৩১) বলেন, সেনাবাহিনী গত পাঁচদিন ধরে টহল দিচ্ছেন। তারা মাস্ক ব্যবহার হাতধোয়ার পদ্ধতি সম্পর্কে জানিয়ে দিয়ে অহেতুক আড্ডা না দিতে পরামর্শ দিচ্ছেন। আমরা সেভাবে আছি। শুধু ত্রাণ নিতে গেলে একটু জটলা হয়।
ক্যাম্পে কাজ করা বিভিন্ন সংস্থার কর্মীরা নাম প্রকাশ না করার শর্তে জানায়, রোহিঙ্গারা হুজুগে টাইপের। যতক্ষণ বুঝানো হয়, ততক্ষণ বুঝে। সেখান শৃংখলাবাহিনী সরে গেলে আবার অবাধে চলাফেরা করে। ত্রাণের লাইনে ঘেঁষাঘেঁষি না করতে বলেও রাখা যায় না। যেকোন দূর্যোগ সম্পর্কে বললে অতি আল্লাহ ভক্তি দেখিয়ে হেলা করে।
টেকনাফের হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী বলেন, আশ্রিত রোহিঙ্গাদের অনেকে সবার অগোচরে মিয়ানমার পারাপার করে থাকে। মিয়ানমারের সঙ্গে চীনের বিশাল সীমান্ত, আর রোহিঙ্গারা চোরাপথে মিয়ানমারে আসা-যাওয়া করে। সেজন্য আমাদের ঝুঁকিটা একটু বেশি। তাই রোহিঙ্গা ক্যাম্পে বেশি নজরদারি প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।
আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের কেন্দ্রীয় সচিব মোহাম্মদ জোবায়ের বলেন, ক্যাম্পে ১১ লাখ রোহিঙ্গার অবস্থান। আমরা অনুমতি ছাড়া বাইরে যায় না। কিন্তু ক্যাম্পে বিদেশি এবং স্থানীয়রা প্রবেশ করছে। তাদের মাধ্যমে আমাদের রোহিঙ্গা কমিউনিটিতে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার ভয়ে আছি। এটা নিয়ন্ত্রণে আমরা নিজেদের কমিউনিটিতেও প্রচারণা চালাচ্ছি। যেহেতু ঘেষাঘেষি মানুষ, ভাইরাস ছড়িয়ে পড়লে বেশি মানুষ বেকায়দায় পড়বে।
তবে কক্সবাজারের সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান বলেন, এখন পর্যন্ত শিবিরের কারোর মধ্যে করোনা ভাইরাসের কোনও লক্ষণ পাওয়া যায়নি। তবে তেমনটা দেখা গেলে রক্ত সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআর-এ পাঠানোর প্রস্তুতি নেয়া রয়েছে। কেউ করোনা আক্রান্ত হলে তাকে আলাদা করে রােতে শরণার্থী শিবিরের স্বাস্থ্যকেন্দ্রগুলোয় ইতোমধ্যে ৪৭টি এবং রামু ও চকরিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের ১০০টি শয্যা প্রস্তুত করা হয়েছে।
অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন এসএম শামসুজ্জোহা জানান, করোনা মোকাবেলায় রোহিঙ্গা ক্যাম্পেও নেয়া হয়েছে বিশেষ নজরদারি। সেই পরিপেক্ষিতে ক্রান্তিকালে বিদেশ থেকে আগতদের নতুন-পুরাতনসহ ৩৪টি ক্যাম্পে ঢুকতে নিষেধ করা হয়েছে। যারা এসেছেন তাদের ভ্রমণ বৃত্তান্ত চেক করা হচ্ছে। এছাড়া বিদেশি নাগরিকদের ক্যাম্পে যাতায়াতে বিধি-নিষেধ আরোপ করা হয়েছে।
তিনি আরো বলেন, রোহিঙ্গা ক্যাম্পে জনসমাগম এড়াতে স্কুল-মাদ্রাসাসহ শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করা দেয়া হয়েছে। ক্যাম্পে কোন প্রকার জনসমাগম যাতে না হয় সে বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া আছে। দৈনন্দিন রেশন বিতরণের ক্ষেত্রে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে সরবরাহ করা হচ্ছে। জাতিসংঘের বিভিন্ন সংস্থা, আন্তর্জাতিক ও দেশীয় এনজিওগুলো মিটিং করে সতর্কতা অবলম্বনের বিষয়ে জানিয়ে দিয়েছে। করোনার ক্রান্তিকাল চললেও আগামী মাসের জন্যও আমাদের ত্রাণ সামগ্রি মজুদ রয়েছে।
উল্লেখ্য, উখিয়া-টেকনাফের ৩৪টি আশ্রয়শিবিরে ১১ লাখের বেশি রোহিঙ্গা বাস করছে। ব্যাপক জনঘনত্বের এই শিবিরে করোনা সংক্রমণ ঘটলে পরিণাম ভয়াবহ হওয়ার আশঙ্কা রয়েছে। তাই অসচেতন রোহিঙ্গাদের সচেতন করা হচ্ছে। গত ২৩ মার্চ ভারত হতে অবৈধভাবে আসা এক রোহিঙ্গা পরিবারের ৪ সদস্যকে ইউএনএইচসিআরের ট্রানজিট ক্যাম্পে কোয়ারেন্টিনে নেয়া হয়েছে।
বাংলাধারা/এফএস/টিএম/এএ












