বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) হটলাইনে (০১৪০০৪০০৪০০) ফোন করলে মহানগরে কর্মরত চিকিৎসকদের যাতায়াতের সুবিধা প্রদান করবে পুলিশ।
ইতোমধ্যে সকল থানার অফিসার ইনচার্জকে এ ব্যাপারে নির্দেশনা প্রদান করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাহাবুবর রহমান।
সিএমপি কমিশনার বলেন, “ডাক্তার বাঁচলে আমরা বাঁচবো”। তাই চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এর হটলাইনে যদি কোন চিকিৎসক অথবা স্বাস্থ্য কর্মী তাদের যানবাহনের জন্য ফোন করেন, তাৎক্ষণিকভাবে তাদেরকে বাসা থেকে কর্মস্থলে এবং কর্মস্থল থেকে বাসায় পৌঁছে দেয়ার ব্যবস্থা করা হবে। এতে করে চিকিৎসক এবং চিকিৎসা কর্মীদের যাতায়াতের যেমন সুব্যবস্থা হবে তেমনি সাধারণ মানুষও সুচিকিৎসা ভোগ করবে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সৃষ্ট এই কঠিন সময়ে চিকিৎসক এবং চিকিৎসা কর্মীদের মনোবল চাঙ্গা রাখতে এবং তাদের সুস্বাস্থ্য ও সুব্যবস্থার জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এই উদ্যোগ পুলিশ, চিকিৎসক এবং সাধারণ মানুষের মাঝে এক নতুন বন্ধন সৃষ্টি করবে।
তিনি আরো বলেন, নগরীর সকল সম্মানিত চিকিৎসক এবং চিকিৎসা কর্মীদের অনুরোধ করা যাচ্ছে দিনরাত্রি যেকোনো সময় সিএমপি হটলাইনে ফোন করলে যানবাহনের সুবিধা প্রদান করা হবে।
বাংলাধারা/এফএস/টিএম












