৩০ মার্চ ২০২৬

প্রাথমিকের ক্লাস টেলিভিশনে, ৫ এপ্রিল ক্লাস শুরু

বাংলাধারা প্রতিবেদন »

প্রাথমিক স্তরের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির পাঠদান শুরু হবে টেলিভিশনে। মহামারি করোনা পরিস্থিতি মোকাবেলায় স্কুল বন্ধ থাকায় এ ব্যবস্থা গ্রহণ করেছে সরকার।

আগামী ৫ এপ্রিল থেকে সংসদ বাংলাদেশ টিভির মাধ্যমে রেকর্ডিং ক্লাস সম্প্রচার করা হবে। পরবর্তী সময়ে বিটিভিতেও এসব ক্লাস সম্প্রচার করার চিন্তা সরকারের আছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম-আল-হোসেন ।

জানা যায়, বৃহস্পতিবার (২ এপ্রিল) থেকে এই রেকর্ডিং কার্যক্রম শুরু হয়েছে। প্রাথমিকের শিশুদের জন্য পাঠদানের লেকচার রাজধানীতে দুটি স্টুডিওতে এই রেকর্ডিং করা হচ্ছে।

এদিকে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে টিভিতে শুরু হয়েছে মাধ্যমিকের পাঠদান। গত ২৯ মার্চ সকাল থেকে সংসদ টিভিতে ‘আমার ঘরে আমার ক্লাস’ শিরোনামে মাধ্যমিকের শিক্ষার্থীদের ক্লাস সম্প্রচার শুরু হয়েছে। এসব ক্লাস শিক্ষকদেরও দেখা নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

অধিদপ্তর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সময় ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের পাঠদানের ধারাবাহিকতা রক্ষা করতে সংসদ বাংলাদেশ টেলিভিশনে নির্দিষ্ট একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী পাঠদান চলমান আছে। শিক্ষার্থীদের পাশাপাশি মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষক-শিক্ষিকা কে পাঠদান দেখার জন্য নির্দেশনা দেয়া হল।

জানা গেছে, টেলিভিশনে মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য পরিচালিত বিষয়ভিত্তিক ক্লাস দেখলেই কাজ শেষ নয়। টিভিতে প্রচারিত প্রতিটি ক্লাসের পর দেয়া হবে বাড়ির কাজ। আর প্রতিটি বিষয়ের আলাদা খাতায় সেই বাড়ির কাজ শেষ করতে হবে। করোনার তাণ্ডব শেষ হলে যখন স্কুল খোলা হবে তখন শিক্ষকদের সেই বাড়ির কাজের খাতা দেখাতে হবে। বাড়ির কাজের প্রাপ্ত নম্বর ধারাবাহিক মূল্যায়নের অংশ হিসেবে বিবেচিত হবে। যতদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে ততদিনই টেলিভিশনের মাধ্যমে পাঠদান কার্যক্রম অব্যাহত রাখা হবে।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন