৩০ মার্চ ২০২৬

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ফেসবুকে বিষোদগার, যুবক আটক

কক্সবাজার প্রতিনিধি »

চলমান করোনা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আইইডিসিআর পরিচালক মীরজাদী সাব্রীনা ফ্লোরাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিষোদগার করে ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় মো. রাশেদুল আমিন (৪৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫।

বৃহস্পতিবার (২ এপ্রিল) ভোর রাতে কক্সবাজার শহরের ঝাউতলা গাড়ির মাঠ এলাকার ২ নম্বর গলির ১১ নম্বর বাড়ি ‌’সাকুরা ভবন’ থেকে র‍্যাব তাকে আটক করে।

এ ঘটনায় তার বিরুদ্ধে বিকেলে মামলা করে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার সদর থানার ওসি (তদন্ত) মো. খায়রুজ্জামান।

আটক মো. রাশেদুল আমিন লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জের ইসলামপুর ইউনিয়নের পালপাড়া এলাকার নুরুল আমিনের ছেলে। বর্তমানে ঝাউতলা গাড়ীর মাঠ, ২নং গলির ১১ নম্বর বাড়ীর ২য় তলায় থাকেন। তিনি একটি ওষুধ কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টিভ হিসেবে কক্সবাজার শহরে দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ জানায়, ‘সিরাজ শিকদার’ নামের একটি ফেইসবুক আইডি থেকে করোনা ভাইরাস সংক্রান্ত বিষয়ে প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট কতৃপক্ষকে নিয়ে মিথ্যা, বিভ্রান্তি ও মানহানিকর তথ্য দিয়ে একটি স্ট্যাটাস দেয়া হয়। কিন্তু নানাভাবে অনুসন্ধান চালিয়ে তার স্ট্যাটাসের তথ্যের সত্যতা না পেয়ে আইডিটি ব্যবহারকারিকে সনাক্তে মাঠে নামে র‍্যাব-১৫। প্রযুক্তির সহায়তায় রাশেদুল আমিনের মুঠোফোনেই আইডিটির অস্থিত্ব মিলে। তখন তাকে আটক করে র‍্যাব।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫/২৯/৩১ সংক্রান্তে র‍্যাব-১৫ এর নায়েব সুবেদার সুকুমার রায় বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছে। একই সাথে তার মোবাইল ফোনটিও জব্দ করা হয়েছে।

সিরাজ শিকদার আইডিতে বুধবার বিকাল ৪ টা ৩৬ মিনিটে আপ করা স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো, ‘মিথ্যাজাদীকে দিয়ে হাসিনা জনগণকে বিভ্রান্ত করতে পুরোপুরি সফল হচ্ছিলোনা। কিছু সংবাদকর্মী এবং সামাজিক যোগাযোগ মাধ্যম বাংলাদেশের করোনার পরিস্থিতি তুলে ধরছিলো।’

‘তাই হাসিনা এবার বরাবরের মতো গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের টুটি চেপে ধরেছে। বাংলাদেশের মানুষর ওপর বিদ্বেষ হাসিনার অনেক পুরোন এবং বংশগতও বলা যায়। ২৫ মার্চে মুজিব যেমন বাংলার জনগণকে পাক হানাদারদের সামনে ফেলে রেখে পাকিদের আতিথেয়তা নিয়েছিলো-তেমনি হাসিনাও করোনার বিষয়ে কোন পদক্ষেপ না নিয়ে উপরন্তু জনগণ যাতে সচেতন না হয়ে বেঘোরে মরে সেই কাজ চালিয়ে যাচ্ছে।’

আইডিটি চেক করে দেখা যায়, প্রতিটি স্ট্যাটাসই শেখ হাসিনা, আওয়ামীলীগ, ছাত্রলীগ, সশস্ত্র বাহিনী এবং প্রশাসন বিরোধী ও খুবই আপত্তিকর ভাষায় উপস্থাপিত। আইডি মালিক বুয়েটের স্টুডেন্ট এবং ঢাকায় অবস্থান আর বরিশাল থেকে আসার কথা উল্লেখ করেছেন তার এবাউটে।

এদিকে, করোনা ভাইরাস সংক্রান্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বাস্থ্যমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিয়ে বিষোদগার করে স্ট্যাটাসের অভিযোগে কক্সবাজারে এটাই প্রথম কাউকে আইনের আওতায় আনা হলো। অবশ্য গত কয়েকদিন ধরেই করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক না ছড়াতে জেলা ও পুলিশ প্রশাসনসহ সরকারি বিভিন্ন দফতর থেকে প্রচারণা চালানো হচ্ছিলো।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন