৩০ মার্চ ২০২৬

রাতের নিঃস্তব্ধতায় ত্রাণ কাঁধে হাঁটছেন ‘মানবিক ধুম’

শাহ আব্দুল্লাহ আল রাহাত, মিরসরাই »

জীবনের জন্য লকডাউন আবার জীবন বাঁচাতে পেটের ক্ষুধা নিবারণ। গভীর রাত যখন সবাই ঘুমিয়ে থাকে আরেকটি সুন্দর ভোরের প্রতীক্ষায় তখন কর্মহীন হতদরিদ্র মানুষগুলো তাকিয়ে থাকে কারো সাহায্যের আশায়। সে আশাকে আশার আলো দেখিয়ে মানবিক ধুম।

রাতের নিঃস্তব্ধতায় ত্রাণ কাঁধে সমাজের অসহায়, হতদরিদ্র, মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষগুলোর কুটিরের দিকে হেঁটে চলছে মানবিক ধুমের এক ঝাঁক উদ্যোমী তরুণ। সংগঠনটি মিরসরাই উপজেলার ধুম ইউনিয়নে ১৩০ টি পরিবারের মাঝে পৌঁছে দিয়েছেন খাদ্যসামগ্রী। এতে ৫ কেজি চাল, ১ কেজি তৈল, ৩ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি ডাল, আধা কেজি চিড়া এবং ১টি সাবান ছিল।

কর্মহীন মানুষগুলোর পাশে দাঁড়ানোর ব্রত নিয়ে ফেসবুক ম্যাসেঞ্জারে গড়া ওঠে ‘মানবিক ধুম’ নামে একটি সংগঠন। গত ৫ এপ্রিল ধুম ইউনিয়নের বাসিন্দা নিজামপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসান সায়মনের উদ্যোগে একটি ম্যাসেঞ্জার কনভারসেশন গ্রুপ খোলা হয়, যার নাম দেওয়া হয়েছিলো মানবিক ধুম।

এরপর সায়মনের ডাকে সাড়া দিয়ে আব্দুল্লাহ আল তানভির, লিমন আহমেদ, আব্দুল্লাহ আল মাহবুব, শাওন, মামুন, অপি, স্বচ্ছ, শাওন, সোহান নামে বেশ কয়েকজন তরুণ এগিয়ে আসতে থাকে। পুরো ইউনিয়নজুড়ে ব্যাপক সাড়া পেতে থাকে তারা। তারপর শুরু টাকা সংগ্রহের কাজ। মোট ৬১ হাজার টাকা সংগ্রহ করে ইতোমধ্যে ১৩০ টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছে সংগঠনটি।

মানবিক ধুমের উদ্যোক্তা মেহেদী হাসান সায়মন জানান, আমরা আমাদের অবস্থান থেকে চেষ্টা করেছি সবাই একসাথে থেকে একটা ফান্ড গঠন করার।প্রাথমিক পর্যায়ে আমরা ত্রাণসামগ্রী বিতরণ করেছি এবং আরো কিছু ত্রাণ বিতরণ করবো। এভাবে পুরো উপজেলার ১৬ টি ইউনিটে সবাই যদি ঐক্যবদ্ধ থেকে কাজ করে তাহলে আশা করি কেউ অনাহারে দিন কাটাবে না।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন