৩০ মার্চ ২০২৬

সাংবাদিক মহরম হোসাইনের ওপর হামলার নিন্দা বিএফইউজে’র

বাংলাধারা প্রতিবেদন »  

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) নির্বাহী সদস্য মুহাম্মদ মহরম হোসাইনের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন বিএফইউজের নেতৃবৃন্দ। এ ঘটনায় দায়ী সবাইকে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তাঁরা।

বিএফইউজের সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, যুগ্ম মহাসচিব মহসিন কাজী, নির্বাহী সদস্য রুবেল খান, নির্বাহী সদস্য আজহার মাহমুদ এক যুক্ত বিবৃতিতে বলেন, গত মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম নগরীর বকশির হাটে একটি দোকানে পণ্যের অতিরিক্ত মূল্য দাবির প্রতিবাদ করায় উক্ত দোকান মালিক স্বপন কুমার সাহা, তাঁর সহযোগী নওশাদ আলী খান, জুয়েল সাহাসহ বেশ কয়েকজন দুর্বৃত্ত সাংবাদিক মহরম হোসাইনের ওপর হামলা চালায়। এ ঘটনার পর সিইউজে ও বিএফইউজে নেতৃবন্দ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশের সহায়তায় হামলাকারীদের একজনকে আটক করে। পরে এ ঘটনায় ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়।

এই হামলার তীব্র নিন্দা জানিয়ে নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, মহামারী করোনার কারণে যেখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দ্রব্যমূল্যের দাম স্বাভাবিক রাখতে প্রশাসন নিরলসভাবে কাজ করছে, সেখানে একশ্রেণীর ব্যবসায়ী ক্রেতাদের জিম্মি করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অতিরিক্ত মূল্য আদায় করছে। একজন সাংবাদিক হিসাবে মহরম হোসাইন এ অন্যায়ের প্রতিবাদ করায় তাঁর উপর এ ধরণের হামলা অত্যন্ত জঘন্য ও নিন্দনীয়।
বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারের জন্য পুলিশ প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন। সেই সাথে দ্রব্যমূল্যের দাম স্বাভাবিক রাখতে ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা প্রদর্শন, নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার জন্য প্রশাসনের প্রতি অহবান জানান।

বাংলাধারা/এফএস/টিএম/ইরা

আরও পড়ুন