৩০ মার্চ ২০২৬

পর্যটন নগরী কক্সবাজার লকডাউন ঘোষণা

কক্সবাজার প্রতিনিধি »

করোনার লক্ষণ পাওয়া ওমরাহ ফেরত বৃদ্ধা ও র্যাব সদস্য সুস্থ রয়েছেন। এরা ছাড়া কক্সবাজারে নতুন কোন ব্যক্তি করোনা আক্রান্ত হয়নি। এরপরও পর্যটন নগরীকে কক্সবাজারকে করোনার সংক্রমণ থেকে রক্ষায় পুরো জেলাকে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।

বুধবার (৮ এপ্রিল) বিকেলে কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন তার অফিসিয়াল ফেসবুক ‘ডিসি কক্সবাজার’ আইডি থেকে এ ঘোষণা দেন। স্ট্যাটাসে জেলা প্রশাসক আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও হুঁশিয়ারিও দেন।

স্ট্যাটাসে জেলা প্রশাসক লিখেছেন, জনস্বার্থে কক্সবাজারকে লকডাউন করা হলো। এখন থেকে এ জেলায় সব আগমন ও বহির্গমন নিষিদ্ধ। আদেশ অমান্য করলে কঠোর ব্যবস্থা।’

কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা কক্সবাজারবাসীকে করোনা ভাইরাসের কবল থেকে মুক্ত রাখতে চাই। আমাদের চাওয়া এ জেলার একজন মানুষও করোনায় আক্রান্ত না হউক। তাই জেলার বাইরে থেকে কোনো মানুষ যেন জেলার ভেতরে আসতে না পারে আর কক্সবাজার থেকে কোনো ব্যক্তি যেন বাইরে যেতে না পারে, সেজন্য জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।

ডিসি আরও বলেন, গত পক্ষকাল ধরে মানুষকে ঘরে অবস্থানের জন্য বলছি। সংকটে পড়াদের খবর পেলেই খাদ্য পৌঁছানোর উদ্যোগ নিচ্ছি। সবার প্রতি অনুরোধ আপনারা ঘরে থাকুন। নিজেকে, পরিবারকে এবং দেশকে করোনার কবল থেকে বাঁচান।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন