৩০ মার্চ ২০২৬

হাটহাজারীতে সামাজিক দূরত্ব নিশ্চিত করে ওএমএসের চাল বিক্রি

বাংলাধারা প্রতিবেদন »  

হাটহাজারী উপজেলার মেখল ফকিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ওপেন মার্কেট সেল (ওএমএস) এর চাল কিনতে আসা ২০০ লোকের সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ভিন্ন উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে চাল ক্রেতাদের নির্দিষ্ট দূরত্বে লাইনে দাঁড় করিয়ে আলাদা আলাদা প্যাকেটে চাল বিক্রির ব্যবস্থা করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।

রুহুল আমিন বাংলাধারাকে জানান, আমরা সরকারের নির্ধারিত ১০ টাকা মূল্যে কেজি প্রতি চাল বিক্রয় করছি। তবে এই চাল বিক্রির সময় আমরা সবার আগে সামাজিক দূরত্ব নিশ্চিত করছি। এর আগে সামাজিক দূরত্ব বজায় না রাখায় আদুদিয়া মাদ্রাসা প্রাঙ্গণে চাল বিক্রি বন্ধ করে দিয়েছিলাম। সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে আমরা কঠোর অবস্থানে আছি।

তিনি বলেন, ভিড় এড়াতে এখন থেকে নির্দিষ্ট জায়গায় ওএমএসের চাল বিক্রি না করে পাড়ায় পাড়ায় গিয়ে এসব চাল বিক্রি করতে খাদ্য অধিদপ্তরের কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছি।

তিনি আরো বলেন, করোনা মোকাবিলায় আমরা সবাই মিলে কাজ করছি। কিন্তু লোকজন সামাজিক দূরত্ব না মেনে ঘরের বাইরে আসলে সব কাজ বৃথা হয়ে যাবে। আপনাদের সবাইকে ঘরে থাকার বিনীত অনুরোধ করছি। ত্রাণের প্রয়োজন হলে ফোন দিয়ে জানাবেন, আমরা আপনার ঘরে ত্রাণ পৌছে দিব।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন