১৩ মার্চ ২০২৬

রমজানে চট্টগ্রামের স্বাস্থ্যকর্মীদের জন্য সেহরীর ব্যবস্থা করবেন ফারাজ করিম

বাংলাধারা প্রতিবেদন »  

পবিত্র রমজান মাসজুড়ে চট্টগ্রামের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে কর্মরত হাজারো স্বাস্থ্যকর্মীদের নিকট রাউজানবাসীর পক্ষ থেকে সেহেরীর খাবার পাঠানোর পরিকল্পনা নিয়েছেন রাউজানের তরুণ রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী। রমজান মাসে রাউজান থেকে প্রতিদিন প্রায় ২ হাজার মানুষের জন্য সেহেরীর খাবার চট্টগ্রামের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে।

শুধু স্বাস্থ্যকর্মীরাই নয়, পথিমধ্যে রাস্তাঘাটে দায়িত্ব পালন করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, পথচারী ও ছিন্নমূল মানুষদের কাছেও পৌঁছে দেওয়া হবে সেহেরীর খাবার।

তাছাড়া করোনা পরিস্থিতিতে নানা রকম সাহায্য সহযোগিতায় সামাজিক সংগঠন ছাড়াও গরীব-অসহায় বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মাঝে প্রতিনিয়ত ত্রাণসামগ্রী ও গ্লাভস, স্যানিটাইজার ও নিরাপত্তাজনিত জিনিসপত্রগুলো বিতরণ করা হচ্ছে ফারাজ করিম চৌধুরীর উদ্যোগে। দেয়া হচ্ছে বিনামূলে সবজিসহ নানাধরণের খাদ্যসামগ্রীও।

তরুণ রাজনীতিবিদ ও সংগঠক ফারাজ করিম চৌধুরী বলেন, পুরো রমজান মাস জুড়ে নার্স ও স্বাস্থ্যকর্মীদের নিকট সেহেরীর খাবার পৌঁছে দেওয়ার জন্য রাউজানবাসীর সহযোগিতায় উদ্যোগ নিচ্ছি। দেশের মানুষের নিরাপত্তার জন্য রাত জেগে দায়িত্ব পালন করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাইদের নিকটও সেহেরীর খাবার পৌঁছে দিতে চাই। পাশাপাশি অন্যান্য পথচারী ও রাস্তায় থাকা মানুষদের কাছেও খাবার পৌঁছে দেওয়া হবে বলে জানান তিনি।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ