রাঙামাটি প্রতিনিধি »
পার্বত্য জেলা রাঙামাটিতে আবারো একজন নার্স করোনাভাইরাসে সংক্রামিত হওয়ার তথ্য দিয়েছে জেলার স্বাস্থ্য বিভাগ।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার সময় এই রিপোর্ট হাতে এসেছে বলে জানিয়েছেন রাঙামাটি স্বাস্থ্য বিভাগের করোনা ইউনিটের মুখপাত্র ডাঃ মোস্তফা কামাল।
তিনি জানিয়েছেন, এর আগে রাঙামাটিতে প্রথম দফায় চার জনের নমুনা পরীক্ষায় পজেটিভ রিপোর্ট আসলেও দ্বিতীয় দফায় তাদের নমুনা পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট আসে। এরপর আমরা তাদের কাছ থেকে তৃতীয়বারের মতো নমুনা সংগ্রহ করে পাঠিয়েছি। সেগুলোর রিপোর্ট এখনো আসেনি বলেও জানিয়েছেন তিনি।
প্রথম দফায় পাওয়া চারজন করোনা রোগির শরীরের দ্বিতীয় নমুনা পরীক্ষার নেগেটিভ আসার মাত্র ২৪ ঘন্টার মধ্যেই রাঙামাটিতে আরেকজনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেলো।
স্বাস্থ্য বিভাগ সূত্র জানিয়েছে, প্রথমবারের মতো করোনা পজেটিভ আসা চারজনের একজন রাঙামাটি জেনারেল হাসপাতালের সিনিয়র নার্স হিসেবে কর্মরত। মূলতঃ তার সংস্পর্শে আসায় পরবর্তী কয়েকজন নার্স ও ডাক্তারের নমুনা সংগ্রহ করে চট্টগ্রামে পাঠানো হয়।
গত ৯ তারিখে পাঠানো এই নমুনা গুলোর মধ্যে সোমবার ১২ তারিখ দিবাগত রাত সাড়ে ১২টায় রাঙামাটিতে একজনের করোনা রিপোর্ট পজেটিভ রয়েছে মর্মে জেলার স্বাস্থ্য বিভাগকে অবহিত করা হয় বলে জানিয়েছেন ডাঃ মোস্তফা কামাল। তিনি জানিয়েছেন, আক্রান্ত নার্স নমুনা সংগ্রহের পর হতেই নিজস্ব হোম আইসুলেশনে রয়েছেন এবং সম্পূর্ন সুস্থাবস্থায় রয়েছেন।
বাংলাধারা/এফএস/টিএম/এএ












