বাংলাধারা প্রতিবেদন »
করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীদের আগামী এক বছরের বেতন-ফি মওকুফের দাবি জানিয়ে মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট চট্টগ্রাম নগর শাখা।
৩ দফা দাবিতে মানববন্ধনটি নিউমার্কেট চত্বরে অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগরের সভাপতি রায়হান উদ্দিন।
সমাবেশে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি আল কাদেরী জয়। মানববন্ধনে বক্তব্য রাখেন দেবরঞ্জন দেব, ঋজু লক্ষ্মী অবরোধ,মিরাজ উদ্দিন, প্রীতম বড়ুয়া।
এসময় বক্তরা বলেন, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস বাংলাদেশেও জীবন ও জীবিকাকে মারাত্মক আঘাত হেনেছে। এই মহামারীর কারণে দেশের কৃষি, শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি বিরাট ক্ষতির সম্মুখীন। কোভিড – ১৯ এর সংক্রমণে দেশের স্বাস্থ্য ব্যবস্থার দৈন্য দশা প্রকাশিত হয়েছে। করেনা ভাইরাস মহামারীতে গ্রামীণ কৃষক,শহুরে শ্রমজীবী মানুষ নানামুখী সংকটে জর্জরিত।বন্ধ রয়েছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। শ্রমজীবী নিম্ন আয়ের মানুষ কর্মহীন অবস্থায় দিন যাপন করছে। কর্মহীন হয়ে একদিকে আয় উর্পাজন বন্ধ অন্যদিকে সন্তানদের পড়ালেখার খরচ, সবমিলে অসহায় অবস্থায় আছে সাধারণ মানুষ।
বক্তরা আরও বলেন, এমন পরিস্থিতিতে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এই বছরের বেতন ফি মওকুফ করা জরুরী। অন্যদিকে চট্টগ্রাম শহরে বাসা- মেস ভাড়া নিয়ে থাকে চট্টগ্রামে ৮০ শতাংশ শিক্ষার্থী। যাদের অনেকে টিউশন করে নিজেদের খরচ চলত। করোনা পরিস্থিতিতে তাদের আয় বন্ধ হয়েছে। এই পরিস্থিতিতে বাসা-মেস ভাড়া মওকুফে রাষ্ট্রীয় বরাদ্দের দাবি জানান।
বক্তারা আরো বলেন, পর্যাপ্ত আয়োজন না করে বেসরকারী বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাস চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। অবিলম্বে পর্যাপ্ত আয়োজন নিশ্চিত না করে অনলাইন ক্লাস বন্ধের দাবি জানান তারা।
বাংলাধারা/এফএস/টিএম












