বাংলাধারা প্রতিবেদন »
মহামারি করোনা ভাইরাসের এই মহাদুযোর্গে নিম্ন আয়ের দরিদ্র ও দিনমজুর মানুষগুলো যখন দিশেহারা তখন তাদের পাশে এসে দাঁড়িয়েছে এসএসসি -২০০৩, এইচএসসি-২০০৫ ব্যাচ।
গত ২৮ মার্চ থেকে ঈদের দিন পর্যন্ত নিম্ন আয়ের এ মানুষগুলোর পাশে থেকে সহযোগিতা করে যাবে বলে প্রত্যয় ব্যক্ত করেছে তারা।
এই বন্ধুমহল তিন ধাপে ৪/৫ সদস্য বিশিষ্ট ৩০০ পরিবারের জন্য ১ সপ্তাহের দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য বিতরণ করেছে। এমন অনেক চাকুরি নির্ভর পরিবার রয়েছে যারা কারো কাছে কোন সাহায্য চাইতেও পারছেনা, আবার কর্মক্ষেত্রের বেতন ভাতা না পেয়ে খাদ্য সংকটে ভুগছে। ঢাকা শহরের বিভিন্ন প্রান্তের এমন কিছু পরিবারের দরজায় পৌঁছে দিচ্ছে পুরো মাসের দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য।

পবিত্র মাহে রমজান মাসের ১০ তারিখ থেকে এখন পর্যন্ত প্রতিরাতে রাজধানীর পথে পড়ে থাকা ১শ’ ৫০ থেকে ২শ’ জন মানুষের মুখে তুলে দিচ্ছে রাতের খাবার। শুধু তাই নয় রাজধানীর মগবাজার মধুবাগ এলাকার একটি এতিম খানায় ২৫ জন ছাত্রকে প্রতিরাতে খাবার খাইয়ে যাচ্ছে এই বন্ধু মহলের সদস্যরা।
মহৎ এ কার্যক্রমে রয়েছে তাদের অনেক বন্ধু-বান্ধব। এদের মধ্যে উল্লেখযোগ্য ভূমিকায় রয়েছে- তনয়, শিহাব, রইসুল, সাইফুল, রিপা, রাতুল, দেলোয়ার, ফাহিম, সাবরিনা, আযমীন, ডেইজি, শারমিন, সারা, ফয়সাল, সালমান, জাহিদ, তানিম, রাসেল, হাফিজ আরো অনেকে।

কার্যক্রম পরিচালনার বিষয়ে জানতে চাইলে ০৩/০৫ ব্যাচের বন্ধুদের পক্ষে বনশ্রীর সাইফুল ইসলাম জানান, আমাদের এ কার্যক্রম চলবে চাঁদ রাত অব্দি। এরপর ঈদের দিন আমরা ৫০০শ’ পথ শিশু ও ছিন্নমূল মানুষদের মাঝে খাবার বিতরণ করবো। যাতে করে এই দুর্যোগপূর্ণ সময়ের মধ্যেও আমরা তাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারি। ঈদ পরবর্তী তাদের এই কার্যক্রম চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন ০৩/০৫ ব্যাচের এ মুখপাত্র।
০৩/০৫ ব্যাচের ব্যাচের আরেক সদস্য জেষ্ঠ্য সাংবাদিক আহমেদ শাহেদ বলেন, আমাদের একটা ফেইসবুক গ্রুপ আছে। এই গ্রুপের মাধ্যমে সারাদেশে আমাদের ব্যাচের একটা বিশাল নেটওয়ার্ক তৈরি হয়েছে। এই বিশাল যোগাযোগ মাধ্যমকে সাথে নিয়ে আমরা সমাজের উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত হতে পেরেছি। দেশের এই দুঃসময়ে নিম্ন মধ্যবিত্ত ও খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে পেরে সত্যি আমরা আনন্দিত।

‘ইনশাল্লাহ, আগামীতে এমন আরো কার্যক্রম আমরা করবো। সকল ভালো কাজগুলোর মাঝে বেঁচে থাকুক আমাদের এই বন্ধুত্বের বন্ধন। সে জন্য দেশবাসির কাছে আমরা দোয়া প্রার্থনা করছি।’
বাংলাধারা/এফএস/টিএম/এএ












