পটিয়া প্রতিনিধি »
করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্যবিধি না মেনে দোকানে কেনাবেচা করায়, বৃহস্পতিবার (২১ মে) পটিয়া উপজেলার স্টেশন রোড, সবুর রোড, কমলমুন্সির হাট সহ বিভিন্ন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানা জাহান উপমার নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় নানা অনিয়ম পাওয়ায় ১১ দোকানীকে জরিমানা করা হয়।
জানা যায়, ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে কয়েকটি দোকানে বিক্রেতারা ক্রেতাদের দোকানের ভেতরে রেখে বাইরে তালা লাগিয়ে পালিয়ে যান। এইসময় ফায়ার সার্ভিস, ওয়ার্ড কাউন্সিলর, এবং ব্যবসায়াী সমিতির উপস্থিতিতে দোকানের শাটার খুলে উদ্ধার করা হয় তাদের।
ফারহানা জাহান উপমা বলেন, করোনার সংক্রমন ঠেকাতে ব্যবসায়ী সমিতি অামাদের সাথে বৈঠক করে সিদ্ধান্ত নেই যে তারা দোকান বন্ধ রাখবে এবং তারা রেখেছে তারপরও কিছু অস্বাধু ব্যবসায়ী প্রশাসনের চোখকে ফাকি দিয়ে দোকান খোলা রাখছে।
তিনি আরো বলেন, চট্টগ্রামে সাতকানিয়ার পর এখন করোনায় আক্রান্তের সংখ্যা পটিয়ায় বেশি। প্রতিদিনই পটিয়ায় বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। পটিয়ার মানুষকে আমরা এত করে সচেতন করতেছি বার বার যাচ্ছি তাদের কাছে তারপরও তারা ক্রেতাকে দোকানে ডুকিয়ে স্বাস্থ্যবিধি না মেনে ভীড় জমিয়ে দোকানে বেচাকেনা করছে; সত্যিই এটা খুবই দুঃখজনক!
বাংলাধারা/এফএস/টিএম












