বাংলাধারা প্রতিবেদন »
স্বাস্হ্যবিধি মেনেই ঠিক সময়ে যাত্রী নিয়ে চট্টগ্রাম ছেড়ে গেছে সুবর্ণ এক্সপ্রেস। ট্রেনের প্রত্যেকটি বগি ছিল পরিষ্কার-পরিচ্ছন্ন। জীবাণুনাশক স্প্রে করা হয়েছে পুরো ট্রেনে। ওয়াশরুমে রাখা হয়েছে হ্যান্ড স্যানিটাইজার, টিস্যু। ট্রেনের কর্মচারীরা সবাই হাতে গ্লাভস, মুখে মাস্ক পড়েছেন। এ যেন অন্যরকম পরিবেশ। এমন ব্যবস্থাপনায় যাত্রীরাও সন্তুষ্ট।
রোববার (৩১ মে) সকাল ৭টায় চট্টগ্রাম ছেড়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয় সুবর্ণ এক্সপ্রেস।
সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের যাত্রী রাকিব হাসান বলেন, রেলওয়ের এমন ব্যবস্থাপনায় আমি খুশি। তারা স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত করেছেন। পাশাপাশি দুটি সিটে একজন বসেছেন, ট্রেনের ভেতর পরিবেশ ছিলো চমৎকার।
রেলওয়ে স্টেশন ম্যানেজার রতন কুমার চৌধুরী বলেন, সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে ৪৫৪ সিটের মধ্যে বিক্রি হয়েছে ৩৮৭টি। এই ৩৮৭ জন যাত্রী নিয়ে ট্রেনটি ঠিক সময়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। একইভাবে বিকেল ৫টায় সোনার বাংলা ও রাত সাড়ে ১০টায় উদয়ন চট্টগ্রাম ছেড়ে যাবে।
ইতোমধ্যে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ২৯৭টি টিকিটের মধ্যে ১০৭টি টিকিট বিক্রি হয়েছে আর উদয়নে ৩১৬টি সিটের বিপরীতে বিক্রি হয়েছে ১৮০টি টিকিট।
বাংলাধারা/এফএস/টিএম












