১৩ মার্চ ২০২৬

চট্টগ্রাম সিটির ভোট নিয়ে নির্বাচন কমিশনের বৈঠক সোমবার

বাংলাধারা প্রতিবেদন »

শূন্য হওয়া ৪টি সংসদীয় আসন ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণের বিষয়ে করণীয় ঠিক করতে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১ জুন) বিকেল ৪টায় প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হবে। এটি নির্বাচন কমিশনের ৬৩তম বৈঠক।

ইসি উপসচিব (সংস্থাপন-২) মো. শাহ আলম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে। চিঠিতে বৈঠকে আলোচনার জন্য ৬টি আলোচ্যসূচি রয়েছে।

এগুলো হলো : ক. প্রতিনিধিত্ব আইন, ২০১০ এর খসড়া বিল অনুমোদন। খ. রাজনৈতিক দলের নিবন্ধন আইন প্রণয়ন। গ. নির্বাচন কমিশন কর্তৃক প্রণীত আইন বাংলা প্রণয়ন; ঘ. জাতীয় সংসদ ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের স্থগিত নির্বাচনের উপর আলোচনার ও সিদ্ধান্ত গ্রহণ; ঙ. সংসদীয় আসনের নির্ধারণ আইন আইন ২০১০, এবং বিবিধ।

বগুড়া-১, যশোর-৬, পাবনা-৪ ও ঢাকা-৫ সংসদীয় আসন শূন্য। আর চট্টগ্রাম সিটির ভোট নিয়েও বৈঠক করা জরুরি। এর মধ্যে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন এবং বগুড়া-১, যশোর-৬ সংসদীয় আসনে নির্বাচন হওয়ার কথা ছিল ২৯ মার্চ। কিন্তু দেশে করোনা হানা দেয়ার পর ব্যাপক সমালোচনার মুখে তা স্থগিত করে ইসি।

সংসদীয় আসন শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে উপনির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু করোনাভাইরাসের কারণে বগুড়া-১, যশোর-৬ সংসদীয় আসনে সেটা মানা সম্ভব হয়নি। তবে সংবিধানে এও বলা আছে ‘দৈব-দূর্বিপাকের কারণে’ উপনির্বাচন করার জন্য আরও ৯০ দিন পাওয়া যাবে। নির্বাচন কমিশন এখন সেই সুযোগ নিচ্ছে। এরপরও করোনার কারণে নির্বাচন করতে না পারলে রাষ্ট্রপতির কাছে যাবে ইসি।

অন্যদিকে জুলাইয়ের মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। তবে ঢাকা-৫, পাবনা-৪ শূন্য আসনে উপনির্বাচনে এখনও যথেষ্ট সময় আছে।

প্রসঙ্গত, গত ১৮ জানুয়ারি সংসদ সদস্য আব্দুল মান্নানের মৃত্যুতে বগুড়া-১ এবং ২১ জানুয়ারি সংসদ সদস্য ও সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের মৃত্যুতে যশোর-৬ আসন শূন্য হয়। পাবনা-৪ আসনের (আটঘরিয়া-ঈশ্বরদী) সংসদ সদস্য সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ২ এপ্রিল। ঢাকা-৫ আসনের (ডেমরা-দনিয়া-মাতুয়াইল) সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান মোল্লা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৬ মে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ