১৩ মার্চ ২০২৬

চট্টগ্রামে পাসের হার বাড়লো যে কারণে

বাংলাধারা প্রতিবেদন »

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় এই বছরের পাসের হার এবং জিপিএ-৫ দুটোই বেড়েছে। এ বছর পাসের হার ৮৪ দশমিক ৭৫ শতাংশ। যা গত বছরের তুলনায় ৬ দশমিক ৬৪ শতাংশ বেশি।

রোববার (৩১ মে) চট্টগ্রাম বোর্ড থেকে প্রাপ্ত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এই বছর চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে পাস করেছে ১ লাখ ২১ হাজার ৮৮৮ জন। যেখানে গতবছর পাস করেছিল ১ লাখ ১৬ হাজার ৮৫১ জন। আর পাসের হার ছিল ৭৮ দশমিক ১১ শতাংশ। এছাড়া এই বছর চট্টগ্রামে গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৮ জন শিক্ষার্থী।

নারীশিক্ষা ও স্বল্পোন্নত এলাকায় শিক্ষা বিস্তারে এবং বর্তমান সরকারের গৃহীত নানামুখী পদক্ষেপের কারণে চট্টগ্রামে এসএসসিতে পাশের হার এবং জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা বেড়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর প্রদীপ চক্রবর্তী।

তিনি বলেন, আমরা এই বছর তিন পার্বত্য জেলায় বেশি জোর দিয়েছিলাম। যেহেতু গতবছর এটি পিছিয়ে ছিল। সরকারে শিক্ষা বান্ধব নানা পদক্ষপের কারণে সেখানে ফলাফল ভাল হয়েছে।

যে সকল স্কুলে ৫০ শতাংশের নিচে পাসের হার তাদের নিয়ে বিশেষ আয়োজন থাকবেন জানিয়ে তিনি বলেন, এসব স্কুলের প্রধান শিক্ষকদের নিয়ে আমরা মোটিভেশনাল প্রোগ্রাম করবো। আমাদের এরচেয়েও অনেক ভালো ফলাফল করার সুযোগ আছে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন চন্দ্র নাথ বলেন, জিপিএ-৫ বৃদ্ধিতে বেশিরভাগ অবদান রেখেছে ছাত্রীরা। গত বছরের তুলনায় তাদের জিপিএ-৫ বৃদ্ধি ১হাজার ২২ জন। মেয়েদের এই অগ্রগতি ফলাফলে বড় পরিবর্তন এনেছে।

তিনি আরো বলেন, এছাড়াও চট্টগ্রাম বোর্ডের অধীনে যে তিনটি পিছিয়ে পড়া পার্বত্য এলাকা রয়েছে সেখানেও এবার পাশের হার গতবারে তুলনায় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। সব মিলিয়েই এইবার ভালো ফলাফল হয়েছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকার আশা ব্যক্ত করেন তিনি।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ