মিরসরাই প্রতিনিধি »
মিরসরাইয়ে বন কর্মকর্তার বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ তুলেছেন মো. নুরুল মোস্তফা নামে এক স্কুল শিক্ষক।
জানা যায়, সামাজিক বনায়নের আওতায় ২০১২-২০১৩ সালে সীতকুন্ড-মিরসরাই উপজেলা মিলে গঠিত বারৈয়াঢালা রেঞ্জের মিরসরাইয়ের বড়তাকিয়া বিটের গেরিটালা এলাকায় বনায়নের জন্য চার একর জায়গা বরাদ্দ পান শিক্ষক নুরুল মোস্তফাসহ আরো তিন জন। পরে তিনি এককভাবে সে জায়গায় ১০০০ টি লেবু চারা এবং ২০০ টি মাল্টা চারা রোপন করেন। চারাগুলো ফলনশীন হতে শুরু করলে গত শনিবার হঠাৎ নতুন বনায়ন করার কথা বলে সবগুলো ফলনশীল গাছ কেটে ফেলেন বন বিভাগ।
এই বিষয়ে ক্ষতিগ্রস্ত শিক্ষক নুরুল মোস্তফা জানান, নতুন বনায়নের কথা বলে বন বিভাগের কর্মকর্তা গোলাম ফারুকের নির্দেশে আমার ১০০০ লেবু এবং ২০০ মাল্টা গাছ কেটে ফেলেন শ্রমিকরা। এতে আমার প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতির হয়েছে।
তিনি আরো জানান, গত তিন মাস বন বিভাগ থেকে একটি নোটিশের উদ্ধৃতি দিয়ে তার কাছে ২০ হাজার টাকা দাবি করা হয়। এতে তিনি দিতে অস্বীকৃতি জানালে এই আক্রোশের জের ধরে এমন কাণ্ড ঘটান বলে দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত নুরুল মোস্তফা।
এ বিষয়ে কথা বলতে বন কর্মকর্তা গোলাম ফারুকের মোবাইল ফোনে একাধিক বার সংযোগ দেওয়ার চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
বাংলাধারা/এফএস/টিএম/এএ












